৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

আগামী ৭ নভেম্বর মহান ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন সকাল ৬টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন, বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম’র মাজারে দলের পক্ষ থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের পুস্পস্তবক অর্পণ ও দোয়া।

এ ছাড়া করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দুপুর ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ ও সোয়া ১২টায় মহানগর উত্তর এবং সাড়ে ১২টায় অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ শহীদ জিয়ার মাজারে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর দুপুর ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে নিজ নিজ সুবিধানুযায়ী যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.