সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটে আব্দুল কুদ্দুস নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গতকাল বুধবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় তরুণীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং স্থানীয় দোগাছি ইউনিয়নের সদস্য। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একমাস আগে ওই তরুণীকে ভালো বেতনে সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখায় ইউপি সদস্য কুদ্দুস। তার প্রস্তাবে প্রলুব্ধ হয়ে তরুণী পাসপোর্ট করতে বুধবার বিকেলে স্থানীয় খঞ্জনপুরে কুদ্দুসের সঙ্গে দেখা করেন। এ সময় কুদ্দুস তার স্বজনের বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

