[বি এল এফ – মুজিব বাহিনী ও জাসদ বাংলাদেশের রাজনীতিতে নানা মুখী বিতর্কের
উৎস। বাংলাদেশের অভ্যুদয়ের প্রায় পাঁচ দশক পরে এই বিতর্কের শেষ হয়নি। মুক্তি
যুদ্ধের ইতিহাস চর্চায় এই বিতর্ক বারবার ফিরে আসছে। স্বাধীন দেশে বিদ্রোহী
যুবকদের সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্টার প্রতীক হিসেবে জাসদের প্রকাশ ঘটে ৩১
অক্টোবর ১৯৭২। খুব কম সময়ের মধ্যে জাসদ রাজনীতির আকর্ষণ ফিকে হয়ে আসে।
রাজনৈতিক শত্রু মিত্র নির্ধারণে এযাবৎ কালে জাসদীয় ধারা ডজন খানেক বার
ভেঙেছে। জাসদ রাজনীতির উৎপত্তি নিয়ে অপু সারোয়ার এর ধারাবাহিক লেখার দ্বিতীয়
পর্ব। ]
বিএলএফ: যত ফুল তত ভুল, কণ্টক জাগে…………
প্রতিরোধ সংগ্রামের দেশান্তর
২৫ মার্চ ১৯৭১। পাকিস্থান রাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল পাকিস্থান সেনা
প্রশাসনের বাংলাদেশ অঞ্চলের মানুষের উপর গণহত্যা মূলক সামরিক আক্রমণ।
পাকিস্থান সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের এই পরিকল্পনার প্রায়োগিক দায়িত্বে
ছিল বাংলাভাষী সামরিক – বেসামরিক আমলাতন্ত্র ও প্রশাসনের বিভিন্ন স্তরের
কর্মচারীরা।
যুদ্ধের শুরুতেই তৎকালীন রাজনীতির প্রধান ধারা আওয়ামীলীগ নেতৃবৃন্দ নিজেদেরকে
ভারতে নিয়ে হাজির করেন। আওয়ামীলীগ নেতৃবৃন্দের ভারত প্রবাসী হওয়া নিছক
তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না। তৎকালীন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন
আহমেদ ও ছাত্রনেতাদের সাথে শেখ মুজিবর রহমান এর দেশান্তরী হওয়ার পরিকল্পনার
কথা বহুল আলোচিত। ভারতে দেশান্তরীত হওয়ার পর শেখ মুজিবের সিদ্ধান্ত থেকে
তাজউদ্দীন আহমেদ দূরে চলে গিয়েছিলেন এমন অভিযোগ ছাত্র নেতাদের। তাজউদ্দীন
আহমেদ ও ছাত্র নেতাদের এই বিরোধ যুদ্ধ কালীন ও পরবর্তী সময়ের আলোচনা ও
বিতর্কের বিষয় বস্তু। কথিত সেই বৈঠকের কথা ছাত্র নেতাদের কলমে ও কথায় উঠে
এসেছে। তাজউদ্দীন আহমদে এই ব্যাপারে তেমন কিছু লিখে যান নি।
পাকিস্থানী সেনা প্রশাসনের আক্রমণের মুখে ন্যাপ নেতা মওলানা ভাসানী ভারতে
দেশান্তরীত হন। ভাসানীর সাথে নিজ দলীয় কোন অংশ ভারতে পাড়ি জামায় নাই। ভারত
সরকার ভাসানীর যোগাযোগ ও চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করেন। যুদ্ধ কালীন সময়ে
ভাসানী ভারতে অঘোষিত বন্দী জীবন যাপন করতে বাধ্য হন। যুদ্ধকালীন সময়ে ভারতে
ভাসানীর রাজনৈতিক কার্যকলাপ ও অবস্থান নিয়ে সাইফুল ইসলাম ‘ভারত প্রবাসে ভাসানী’
বইয়ে ভাসানীর ১৯৭১ এর দেশান্তরীত কাল সম্পর্কে বিস্তারিত লিখেছেন। ভাসানীর
ব্যাক্তিগত সচিব সাইফুল ইসলাম রাজনীতিতে ন্যাপ- ভাসানী পন্থী ছিলেন না। সাইফুল
ইসলাম ন্যাপ – মোজাফ্ফর পন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭০ ও ১৯৭৩ সালের
জাতীয় সংসদ নিবাচনে ন্যাপ-মোজাফ্ফর এর প্রার্থী ছিলেন।
উল্লেখ্য প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এর ব্যাক্তিগত সচিব /
ঘনিষ্ট জন মঈদুল হাসান ন্যাপ – মোজাফ্ফর পন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সাইফুল
ইসলাম এর মত মঈদুল হাসান ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে ন্যাপ – মোজাফ্ফর প্রার্থী
হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছিলেন। মুক্তিযুদ্ধ নিয়ে মঈদুল হাসানের লেখা বই মূলধারা '৭১
বহুল পঠিত।
এর বাইরে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি ও ন্যাপ যুদ্ধের দিন গুলিতে ভারতে দেশান্তরীত
হয়। এই ধারা এক ধরণের পৃথক অস্তিত্ব রেখে ও তাজউদ্দীন আহমেদ এর প্রবাসী
সরকারের সাথে সহযোগিতা মূলক রাজনৈতিক অবস্থান নিয়েছিল। প্রবাসী সরকারের
উপদেষ্টা পরিষদে কমিউনিস্ট পার্টির মনি সিংহ ও ন্যাপের মোফফফর আহমদকে স্থান
দেওয়া হয়েছিল।
চীনপন্থী কমিউনিস্টদের যুদ্ধকালীন ভূমিকা পৃথক আলোচনার দাবী রাখে। চীন পন্থীদের
কেউ কেউ ভারতে দেশান্তরী হয়েছিলেন। কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয়
কমিটি- কাজী জাফর আহমদ, কমিউনিস্ট পার্টি, হাতিয়ার-নাসিম আলী, কমিউনিস্ট সংহতি
কেন্দ্র- অমল সেন, কমিউনিস্ট কর্মী সংঘ- ডাঃ সাইফ-উদ-দাহার , পূর্ব বাংলার
কমিউনিস্ট পার্টি- দেবেন সিকদার এই চীন পন্থী কমিউনিস্ট পার্টি গুলি যুদ্ধ কালীন
সময়ে ভারতে দেশান্তরীত হয়ে মুক্তি যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই দল গুলি মওলানা
ভাসানীকে তাঁর অনুপস্থিতিতে সভাপতি করে “জাতীয় মুক্তিসংগ্রাম সমন্বয় কমিটি”গঠন
করে যুদ্ধে অংশ গ্রহণ করেছিল ।
প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদে মওলানা ভাসানীকে স্থান দেওয়া হয়েছিল। এই
উপদেষ্টা পরিষদ ছিল আলংকারিক। একদিকে শেখ মুজিবর রহমান পাকিস্থানের কারাগারে
অপর দিকে মওলানা ভাসানী আসামে গৃহবন্দী ছিলেন। প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদ
বড় জোর ২/৪ বার মিলিত হতে পেড়েছিল ।
১৯৭১ এর প্রবাসী সরকার ও ১৯৭০ এর গণ রায়
১০ এপিল ১৯৭১ , ভারতের মাটিতে তাজউদ্দীন আহমদের নেতৃত্বে যুদ্ধকালীন প্রবাসী
সরকার গঠিত হয়েছিল। । প্রবাসী সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সরকার।
তাজউদ্দীন আহমেদ ছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী। ১৯৭০ সালের নির্বাচিত
জনপ্রতিনিধিদের বৈঠক ডেকে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী বা নেতা নির্বাচনের কোন
নজির নেই। তাজউদ্দীন পন্থী জাতীয়তাবাদীরাও কখন এমন দাবী করে থাকেন না। প্রবাসী
সরকারের রাষ্ট্রপতি করা হয় পাকিস্থানের কারাগারে আটক শেখ মুজিবর রহমানকে।
রাষ্ট্রপতির অবর্তমানে প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সরকার পরিচালনায়
প্রধান উদ্যোক্তা হিসাবে সামনে আসার স্বভাবিক নিয়ম। তবে সরকারের পরিচালনায় ও
বহির্বিশ্বে সরকারের পরিচিতি লাভ করে তাজউদ্দীন আহমদ – প্রধানমন্ত্রীর নামে।
১৯৭০ সালের নির্বাচন হয়েছিল সংসদীয় সরকার পদ্ধতির। পাকিস্থানের সামরিক –
বেসামরিক আমলাতন্ত্র যদি নির্বাচনের ফলাফল মেনে নিতে সক্ষম হত, তা হলে সংসদীয়
সরকার গঠিত হত । শেখ মুজিবর রহমান প্রধানমন্ত্রী হতেন। কিন্তু তাজউদ্দীন আহমেদ
১৯৭০ সালের নির্বাচনের গণরায়কে পাশ কাটিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থর প্রবর্তন করেন।
সংসদীয় পদ্ধতির জবাব দিহিতা শুরুতেই বিনষ্ট হয় । তাজউদ্দীন আহমদ এর প্রবাসী
সরকার ছিল ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে এক ধরণের কু -দেতা।
'অস্থায়ী' না 'ভারপতি' রাষ্ট্রপতি
১৯৭১ সালের এপ্রিল মাসে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র'
সুস্পষ্টভাবে রাষ্ট্রপতি পদ্ধতির কথা উল্লেখ আছে। এই সরকার ব্যতিক্রমী ভাবে
অতিমাত্রায় রাষ্ট্রপতি পদ্ধতির ছিল। কারণ রাষ্ট্রপতিকে 'প্রজাতন্ত্রের সকল নির্বাহী
ও আইন প্রণয়ন ক্ষমতা প্রয়োগ' এর কর্তৃত্ব দেওয়া হয়। এই ঘোষণার সময় কালে
প্রবাসী মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগারে
আটক ছিলেন। সৈয়দ নজরুল ইসলামকে ' অস্থায়ী' রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
কোন পদস্থ কর্মকর্তার অবর্তমানে যিনি দায়িত্ব পলায়ন করেন সেই কর্মকর্তাকে
বুঝানোর জন্য বাংলা ভাষায় ' ভারপ্রাপ্ত ' শব্দ ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু প্রবাসী
সরকারের ' ভারপ্রাপ্ত ' রাষ্ট্রপতিকে ' অস্থায়ী' রাষ্ট্রপতি হিসেবে বর্ণনা করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক আইনী বিষয় প্রায়শঃ আলোচনার বাইরে থেকে গেছে। ' অস্থায়ী'
কে যত সহজেই আইনী প্রক্রিয়ায় অপসারন করা সম্ভব , একজন 'ভারপ্রাপ্ত' কে তত
সহজে আইনী প্রক্রিয়ায় অপসারন করা সম্ভব নয়। সাংবিধানিক কাঠামোতে স্বাভাবিক
নিয়মে সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকারের মুখপাত্র হিসেবে সামনে আসার কথা ছিল।
কিন্তু যুদ্ধকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম সেই ভূমিকা পালন করতে পারেননি। সৈয়দ
নজরুল ইসলাম উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব প্রধানমন্ত্রী হয়ে তাজউদ্দীন আহমদে
পালন করেছেন।
মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী ও রাষ্ট্র আইনী সংস্থা। এই কথা আমলে আনলে
অস্থায়ী ও ভারপ্রাপ্ত শব্দের ব্যবহার কিছু আইনী প্রশ্নের জন্ম দিয়ে থাকে।
তাজউদ্দীন আহমদে নিজেও পেশায় আইনজীবী ছিলেন। প্রবাসী সরকারের ঘোষণা পত্রের
ধাবাহিকতায় বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে।এই সংবিধানে রাষ্ট্রপতির অবর্তমানে
সাময়িক দায়িত্ব পালনকারীকে ভারপ্রাপ্তই হিসেবে বর্ণনা করা হয়েছে। আর রাষ্ট্রপতির
মৃত্যুর পরে যিনি সাময়িক দায়িত্ব পালন করবেন তিনি অস্থায়ী হিসেবে সংজ্ঞায়িত করা
হয়েছে । প্রবাসী সরকারের ঘোষণা থেকে থেকে বাংলদেশের সংবিধান রচনা কাল এক
বছরের সময়কাল।
বাংলদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মৃত্যুবরণ করলে অথবা,শারীরিক/মানসিক ভাবে
দায়িত্ব পালনে অসমর্থ ঘোষিত হলে, অথবা মেয়াদ উত্তীর্ণ হলে, অথবা জাতীয় সংসদে
অপসাররিত হলে, 'রাষ্ট্রপতি' পদটি শুন্য ঘোষিত হয়। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনসহ
নির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব গ্রহণের নিমিত্তে শপথ গ্রহণ না -করা পর্যন্ত যিনি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি-ই অস্থায়ী রাষ্ট্রপতি । পক্ষান্তরে,
রাষ্ট্রপতি তাঁর পদে আছেন, কিন্তু কোন কারণে নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না
সেই ক্ষেত্রে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
ক্ষমতার এই টান – পোড়ান তাজউদ্দীন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলামের মধ্যে দুরুত্ব
তৈরী করে থাকবে। এই রকম ছোট ছোট সমষ্টিক বিষয় মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দীন
আহমদেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অনুরূপ ক্ষমতা ও কর্তৃত্বের চর্চা করতে
সহায়তা করেছে ।
মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ছাত্রলীগের একাংশ বিএলএফ গঠন করেছিল। এই অংশ যে
কোন কারণেই মনে করত পাকিস্থানী সামরিক প্রশাসন শেখ মুজিবর রহমানকে যুদ্ধকালীন
সময়ে হত্যা করে থাকবে। শেখ মুজিবর রহমানের স্বাধীন দেশে ফেরার সম্ভবনা নিয়ে
বিএলএফ নেতৃবৃন্দ সন্ধিহান ছিলেন। এই রকম আশংকা থেকেই বিএলএফ এর রণনীতি,
রণকৌশল এমনকি বিজয় পরবর্তী অস্র জমা দেওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়েছিল। প্রবাসী
সরকারের কাগজে কলমে শেখ মুজিবকে লাপাত্তা দেখানো তাজউদ্দীন আহমদেদের প্রচেষ্টা
বিএলএফ ও প্রবাসী সরকারের বিরোধকে সচল রাখতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে
থাকবে।
প্রবাসী সরকারে আমলাতন্ত্র
১৯৭৪৭থেকে ১৯৭১ পর্যন্ত সংগ্রামের চড়াই উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের যুদ্ধের শুরু।
সামরিক – বেসামরিক আমলাতন্ত্রের প্রতিনিধিদের এই আন্দোলনের সাথে প্রতক্ষ্য
প্রায় কোন যোগাযোগ ছিল না। চাকুরী ক্ষেত্রে বৈষম্য আমলাতন্ত্রকে যুদ্ধের পক্ষে নিয়ে
আসে। তাজউদ্দীন আহমেদ ও প্রবাসী সরকারকে কেন্দ্র করে পাকিস্থান প্রশাসনের অতি
সামান্য সংখ্যক বাঙালী সামরিক ও বেসামরিক আমলা সমবেত হতে থাকে। অতি অল্প
সময়ের মধ্যে সামরিক ও বেসামরিক আমলারা রাজনৈতিক যুদ্ধ , জাতিগত নিপীড়ন
সংগ্রামকে সামরিকরন করে ফেলে। রাজনীতি হয়ে পড়ে গৌণ।
যুদ্ধে পরাজয়ের পর পাকিস্থান প্ৰশাসনের অবাঙালী আমলাতন্ত্র পাকিস্থানে চলে যায়।
কিন্ত যুদ্ধ কালীন সময়ের বাংলাভাষী বেসামরিক আমলাতন্ত্র শুধু মাত্র আনুগত্য
পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র বাংলাদেশের প্রশাসনে ধারাবাহিক দায়িত্ব থেকে
যান। যুদ্ধ কালীন প্রবাসী সরকারের সাথে যে কয়েক জন বাংলাভাষী আমলা ছিলেন তাঁদের
উদ্যোগেই এই পুনর্বাসন সম্ভব হয়েছিল। সামরিক আমলাতন্ত্রের বিষয়টি বেশ জটিল।
১৯৭১ সালের যুদ্ধের শেষ দিন গুলিতে পাকিস্থান সরকার বাংলা ভাষী সামরিক অফিসারদের
ঢাকা থেকে পশ্চিম পাকিস্থানে পাঠিয়ে দেয়। এই সামরিক অফিসাররা ১৯৭৩-১৯৭৪ সালের
মধ্যে বাংলাদেশে ফিরে পূর্ণ মর্যদায় চাকুরীতে বহাল থাকে।
১৯৭১ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাকিস্থান প্রশাসনের কিছু আমলা মুজিব
নগর সরকারের সাথে যোগাযোগ গড়ে তোলে। এই কর্মকর্তাদের সংখ্যা মোট সিএসপি ও
ইপিসিএস আমলাদের ৯ শতাংশের কম ছিল। ১৯৭১ সালের ১৫ এপ্রিল এদের সমন্বয়ে
প্রবাসী সরকারের সচিবালয় গঠিত হয়েছিল । উল্লেখ্য, পূর্ব পাকিস্তান সরকারে ২১৮
জন সিএসপি ৬৫০ জন ইপিসিএস জন বাঙালি কর্মরত ছিলেন। কিন্তু যুদ্ধের পক্ষে মাত্র
১৪ জন সিএসপি, ৬২ জন ইপিসিএস কর্মকর্তা প্রবাসী সরকারের সাথে কাজ করতে এগিয়ে
আসে । প্রবাসী সরকারের সাথে যোগ দেওয়া সিএসপি অফিসার ১৯৪৮ ব্যাচের মাত্র ১ জন
ছিলেন, অন্যরা ১৯৬০ ও পরবর্তীতে প্রশাসনে যোগ দিয়েছিলেন এবং এই কর্মকর্তাদের
কেউ প্রথম সারির ছিলেন নয়।এর বাইরে ৫১ জন অন্যান্য কর্মকর্তা প্রবাসী সরকারের
সাথে কাজ শুরু করে। প্রবাসী সরকারের সচিবালয়ে যে সমস্ত আমলারা যোগ দিয়েছিলেন
তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ২৫ মার্চ পর্যন্ত মুক্তিকামী জনতার আন্দোলনে
বিরোধিতা করার অভিযোগ ছিল। আমলাদের এই অংশ তাৎক্ষণিক সিদ্ধান্ত ও পরিস্থিতি
বিবেচনা করে মুক্তিযুদ্ধে অংশ নেন। এরা প্রবাসী সরকার পরিচালনার মূল স্তম্ভ হয়ে
উঠেছিল । ভারত সরকারের সঙ্গে সমন্বয়, টেকনিক্যাল বিষয় দেখা, মাঠ পর্যায়ে সমন্বয়
এবং প্রবাসী সরকারকে সহযোগিতা করাই ছিল এদের প্রধান কাজ।
প্রবাসী সরকারের উদ্যোগে পাকিস্থান সেনাবাহিনীর বাঙালী অফিসারদের নিয়ে ১৯৭১
সালের ১১-১৭ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রা
শুরু। সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন এম এ জি ওসমানী । এম এ জি ওসমানী পাকিস্থান
সেনাবাহিনীর অবসর প্রাপ্ত অফিসার ছিলেন। যুদ্ধ পূর্ব কালে তিনি আওয়ামীলীগের
রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। সম্ভবত ১৯৭১
সালের যুদ্ধকালীন সময়ে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ও
আওয়ামীলীগ রাজনীতির ছোঁয়া তাঁকে যুদ্ধকালীন সেনাবাহিনীর সেনা প্রধান হতে সহযোগিতা
করে থাকবে।
এম এ জি ওসমানী যুদ্ধকালীন সেনাবাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বিরোধী। যুদ্ধকালীন
সময়ে সেনা বাহিনীর বড় অংশ ছিল রাজনৈতিক কর্মী বা রাজনীতির ডাকে যুদ্ধে জড়িয়ে পড়া
সাধারণ মানুষ। ইতিহাসের প্রহসন হচ্ছে জেনারেল ওসমানী যখন যুদ্ধকালীন সেনাবাহিনীকে
রাজনীতি মুক্ত রাখার চেষ্টায় নিয়োজিত ছিলেন সেই সময় ঘটনাচক্রে তিনিও রাজনীতিবিদ –
সংসদ সংসদ হওয়ার সন্মান ও সুবিধা ভোগ করে আসছিলেন। এই বাহিনী সীমান্ত এলাকায়
মুক্তাঞ্চল গঠনের সম্ভাবনাকে সামনে রেখে কাজ শুরু করে। এদের সংগঠনের ধরন-ধারণ,
যুদ্ধের কলাকৌশল, মনস্তাত্ত্বিক গঠন – প্রায় সবই ছিল নিয়মিত বাহিনীর যুদ্ধ
পরিকল্পনার অনুরূপ।
রাজনৈতিক চেতনা থেকে প্রতিরোধ যুদ্ধে যোগ দেওয়া সাধারণ মানুষদের রাজনীতি মুক্ত
রাখার প্রচেষ্টা খুব একটা দীর্ঘ মেয়াদি ফলপ্রুস হয়নি। যুদ্ধকে শুধু যুদ্ধ হিসেবে নেওয়ার
ফলে যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য শুধু পাকিস্থান সেনাবাহিনীর পরাজয়কে সামনে আনা হয়েছিল।
যার কারণে পরাজয়ের পরের অধ্যায় কি সে সম্পর্কে অধিকাংশ মুক্তিযোদ্ধার অংশ গ্রহণ
ছিল না। মুক্তিযোদ্ধাদের বড় অংশ মিছিল – সভা সমাবেশে যোগ দেওয়ার অভিজ্ঞতা থেকে
যুদ্ধে যোগ দিয়েছিলেন । মুক্তিযোদ্ধাদেরকে অস্র নির্ভর করে ফেলা সম্ভব হয়েছিল
রাজনীতির প্রভাব মুক্ত যুদ্ধ কালীন সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগের ফলে। ১৯৭১
সালের এপ্রিল – মে মাসে প্রতিরোধ যোদ্ধাদের রাজনীতি 'মুক্ত ' রাখার চিন্তা যতটুকু সোজা
সোজা-সাপ্টা যুদ্ধ জয়ের পথ হিসেবে উপস্থাপন করা হয়েছিল , বিষয়টি ছিল তার চেয়ে ঢের
জটিল ছিল এই প্রক্রিয়ার ফলাফল ছিল বেহাত বিপ্লব ।
২১ নভেম্বর ১৯৭১ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ঘোষণা আসে , যা ছিল
নিছক আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশের প্রবাসী বাহিনীকে মোট ১১টি যুদ্ধাঞ্চলে ভাগ
করা হলো। উদ্দেশ্য একটাই এবং তা হলো, মুক্তিযুদ্ধ পরিচালিত হবে সুনিপুণভাবে ও
সুবিন্যস্ত উপায়ে। প্রত্যেকটি অঞ্চল বা সেক্টরের দায়িত্ব অর্পণ করা হলো একজন
সেক্টর কমান্ডারের উপর । আর সব সেক্টর কমান্ডারই সশস্ত্র বাহিনী থেকে আসা।
এভাবেই রাজনৈতিক যুদ্ধ পথ হারায় সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের কাছে,
তাজউদ্দীন আহমেদের ছায়ায়। প্রবাসী সরকারের সেক্টর কমান্ডারদের নিয়ন্ত্রণে
ছিলএফএফ -মুক্তিযোদ্ধা। এফএফ মুক্তিযোদ্ধা দেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতার
জন্য প্রশিক্ষণ দেওয়া হলেও এসব মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিন অঘোষিত ভাবে সীমান্ত
পাহারায় নিয়োজিত রাখা হয়। মুক্তিযুদ্ধে ভারতীয় কৌশল বোঝার জন্য এই ঘটনাটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফএফ মুক্তিযোদ্ধারা ব্যাপক হারে দেশের ভিতরে ঢোকার সুযোগ
পায় অক্টোবর নভেম্বর ও ডিসেম্বরে।
বিএলএফ ও সেনা আমলাতন্ত্র
১৯৭১ যুদ্ধ পূর্ব কালে শেখ মুজিবর রহমানের উদ্যোগে তাজউদ্দীন আহমেদ , শেখ ফজলুল
হক মনি ,সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদের বৈঠকের কথা বহুল
আলোচিত ও বেশ কিছু বই পুস্তকে লিখিত। এই বৈঠকে শেখ মুজিবর রহমান যুদ্ধকালীন
সময়ে ' যুদ্ধ কাউন্সিল ' গঠনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাজউদ্দীন আহমদে এর
প্রবাসী সরকার ছিল শেখ মুজিবর রহমানের পরামর্শের বাইরে, পুরো ভিন্ন ধাঁচের কাঠামো।
যুদ্ধ কালীন সময়ে প্রবাসী সরকার ও বিএলএফ এর বিরোধ এর সূত্রপাত এভাবেই। এই
বিরোধ যুদ্ধকালীন সময়ে রাজনৈতিক ভাবে কত প্রকট ছিল তা বলা কঠিন। যুদ্ধের দিল
গুলোতে তাজউদ্দীন আহমদে ও বিএলএফ নেতাদের নিয়মিত যোগাযোগ ও বৈঠকের বিষয়
আলোচিত। তবে প্রবাসী সরকারের সামরিক কর্মকর্তারা কোনভাবেই বিএলএফ এর
গঠনকে মেনে নিতে পারেন নি। প্রবাসী সরকারের সামরিক কর্মকর্তারা বিএলএফ গঠনকে
প্রথাগত সেনাবাহিনীর একক কর্তৃত্বের প্রতি হুমকি হিসেবে দেখেছে। এই বিরোধের
পল্লবিত শাখা প্রশাখা পরবর্তীতে নানান জনের লেখায় উঠে এসেছে।
যুদ্ধ পূর্ব কালে শেখ মুজিবর রহমান কোনো সরকার গঠনের নির্দেশ দিয়েছেন বলে কোনো
তথ্য পাওয়া যায়না। ২৫ মার্চ রাতে পাকসেনারা হামলা চালায় সাধারণ জনগণের ওপর।
বিএলএফ ও আওয়ামী লীগ উভয় সংগঠনই ভারতে আশ্রয় নেয়। আওয়ামী লীগ নেতারা
ভারতের সহযোগিতায় সরকার গঠন করে যা প্রবাসী সরকার হিসেবে পরিচিত হয়।
অপরদিকে, একই সরকারের সহযোগিতায় আলাদা ভাবে প্রশিক্ষণ নিয়ে গেরিলা যুদ্ধ শুরু
করে বিএলএফ। বিএলএফ একটি সশস্ত্র রাজনৈতিক সংগঠন। বিএলএফ মূল রণকৌশল ছিল
প্রথাগত যুদ্ধে না জড়িয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের অনুকূলে জনযুদ্ধের পরিবেশ সৃষ্টি করে
দেশকে মুক্ত করা।বিএলএফ কখন প্রথাগত সেনাবাহিনী হিসেবে গড়ে উঠার চেষ্টা করে নাই
।
প্রবাসী সরকার এর রাজনৈতিক নেতাদের ও বিএলএফ এর বিরোধ এর মাত্রা পরিমাপ করা
কঠিন। নিশ্চিত ভাবে প্রবাসী সরকারের সামরিক শাখার সাথে এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে
দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী যুদ্ধ শেষে বিএলএফ
অপরাপর মুক্তিযোদ্ধাদের মত মুক্তিযোদ্ধা সনদ পত্র দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি
শুধু সার্টিফিকেট এর বিষয় নয় এখানে জড়িত আছে উৎপাদন বিচ্ছিন্ন সেনাবাহিনীর
প্রশাসনিক ও রাজনৈতিক কর্তৃত্ব বহাল রাখার প্রশ্ন। জেনারেল ওসমানীর এই অস্বীকৃতি
১৯৭১ সালের যুদ্ধের বহুমাত্রিকতা অস্বীকার , রাজনৈতিক যুদ্ধকে সামরিক করণ ও সেনা
আমলাতন্ত্রের স্বার্থ রক্ষার উদাহরণ।
বেহাত বিপ্লবের ও বিএলএফ
যুদ্ধ হচ্ছে রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিক রূপ। যুদ্ধকালীন সময়ে যুদ্ধ শুরুর রাজনীতি
প্রায়শঃ যুদ্ধের নিয়ন্ত্রণ রাখতে অসমর্থ হয়ে পড়ে। যুদ্ধের মধ্যে দিয়ে নানান মত ও
পথের বিকাশ ঘটে, একই দলের নানান ধারা- উপধারার ভাঙা গড়ার কাজ চলতে থাকে
যুদ্ধকালীন সময়ে অবিরত। তেমনি নানা শক্তি সহযোগিতার আবরণে যুদ্ধে জড়িয়ে পড়ে।
বাংলাদেশের অভয়দয়ের যুদ্ধ কোন ভাবেই এই সব উপসর্গ থেকে মুক্ত ছিল না।
যুদ্ধ শুরুর আগে বিএলএফ রাজনীতিকে প্রভাবিত করার ক্ষেত্র সফলতার পরিচয় দিয়েছিল।
বাংলাদেশের পতাকার ডিজাইন ও উত্তোলন , জাতীয় সংগীত,স্বাধীনতা ইশতেহার পাঠের মত
গুরুত্ব পূর্ন কাজ গুলি যুদ্ধপূর্ব বিএলএফ এর উদ্যোগেই হয়েছে। এই কাজ গুলি পাকিস্থানী
রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার জন্য কার্যকর অবস্থা ছিল। কিন্তু বিকল
রাষ্ট্রযন্ত্রকে পরিচালনার কোন উদ্যোগ ও পরিকল্পনা বিএলএফ করতে অসফলতার
পরিচয় দিয়েছিল। এই অসফলতার ভিত্তি ভূমিতে প্রবাসী সরকারের আমলাতন্ত্র জায়গা
করে নেয়। নয় মাসের যুদ্ধের পথ পরিক্রমায় যুদ্ধকালীন বিএলএফ রাজনৈতিক ভাবে ঘুরে
দাঁড়ানোর পথ হারায়।যে কোন পরাজয় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদকে বাড়িয়ে দেয়, মাথা চাড়া
দেয় পুরোনো বিরোধ গুলো। পাশাপাশি বিজয়ীদের মধ্যে স্থান করে নেওয়ার প্রবণতা ও
উদ্যোগ দেখা দেয়। বিপরীত ভাবে এই প্রবণতা গুলোকে মোকাবেলা করতে অধিকতর বিপ্লবী
পদক্ষেপের প্রবণতা দেখা যায়। যুদ্ধত্তোর বিএলএফ এর মধ্যে এই প্রবণতা স্পষ্ট হয়ে
উঠেছিল যুদ্ধের শেষ দিন থেকেই ।
( তৃতীয় পর্ব : বিএলএফ এর পিছনে ফেলে আসা দিনগুলি ও বিভক্তি )

অপু সারোয়ার

