ফ্রান্সে এবার গির্জার বাইরে ধর্মযাজককে গুলি

ফ্রান্সের লিওঁ শহরে এবার একটি গির্জার বাইরে যাজককে গুলি করেছে এক যুবক। গতকাল শনিবার বিকেলে খুব কাছ থেকে ওই যাজকের বুকে দুবার গুলি করা হয়। নিকোলাস কাকাভেলাকি (৫২) নামে ওই গ্রিক অর্থোডক্স ধর্মযাজকের অবস্থা আশঙ্কাজনক।

গুলি করার পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওঁ শহরের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তির কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

এ ছাড়া হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে, সরকারি কৌঁসুলীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং টহলরত পুলিশরা গুলির আওয়াজ শুনতে পায়। এরপর এক ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন এবং চার্চের পেছনের দরজায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, এখন কোনো ধারণাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বা কোনো পক্ষ নেওয়া হচ্ছে না। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিস্ট প্রসিকিউশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এই হামলার দুদিন আগে গত বৃহস্পতিবার নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিনজনকে হত্যা করা হয়। এরপর থেকেই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.