‘ধর্ষিতা’ শব্দের বদলে ‘ধর্ষণের শিকার’ বসছে আইনে

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের সময় ‘ধর্ষিতা’র বদলে ‘ধর্ষণের শিকার’ শব্দ বসানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল’ গত ৮ নভেম্বর উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

সোমবার (১৬ নভেম্বর) সেই প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সংসদীয় স্থায়ী কমিটিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

ধর্ষিতা শব্দটি লিঙ্গ বৈষম্যের পরিচায়ক বলে বিভিন্ন সময় মত আসার প্রেক্ষাপটে বিলে ‘ধর্ষণের শিকার’ শব্দবন্ধ দিয়ে ‘ধর্ষিতা’ শব্দটি প্রতিস্থাপনের সুপারিশ করা হয়। মূল আইনের ৯ (২) ধারাসহ কয়েক জায়গায় ‘ধর্ষিতা’ শব্দটি বাদ দিয়ে ‘ধর্ষণের শিকার’ শব্দটি বসাতে বলেছে সংসদীয় কমিটি।

উল্লেখ্য, সংসদীয় কমিটি কোনও বিলের সংশোধনী আনলে সংসদ তা গ্রহণ করে থাকে। খসড়া আইন নিয়ে নিকট অতীতে সংসদীয় কমিটির সুপারিশ গ্রহণ না করার নজির নেই। ফলে ‘ধর্ষিতা’ শব্দের বদলে আইনে ‘ধর্ষণের শিকার’ শব্দব্ন্ধ বসছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.