জার্মানির হামবুর্গে করোনা আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

জার্মানির হামবুর্গ শহরের অধিবাসী আজিজুল হক রবিবার সকালে করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন থেকে জার্মানিতে বসবাস করছেন।

এদিকে হামবুর্গে বাংলাদেশি কমিউনিটিতে বেশ পরিচিত আজিজুল হক এর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আজিজুল হক এর পারিবারিক বন্ধু হামবুর্গে বসবাসকারী ফারজানা শওকত শাহরীণ জানিয়েছেন, প্রায় ৩ সপ্তাহ থেকে আজিজুল হক করোনা আক্তান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গত কিছুদিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু হঠাৎ আবারো অবস্থার অবনতি ঘটে এবং রোববার সকালে তিনি পরলোক গমন করেন। শাহরীণ জানিয়েছেন, সদা হাস্যজ্জল আজিজুল হক কমিউনিটির সকলের প্রিয় মুখ ছিলেন।

হামবুর্গে থেকে কমিউনিটি নেতা এ্যাপলো এলাহি জানিয়েছেন, এই প্রথম হামবুর্গে করোনা আক্রান্ত হয়ে একজন প্রবাসি বাংলাদেশি মৃত্যুবরণ করায় কমিউনিটির সকলে শোকাহত। তিনি মরহুম আজিজুল হক এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও তিনি আজিজুল হক এর রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে জার্মানিতে করোনা মহামারির দ্বিতীয় ধাপে এসে পূর্বের সকল রেকর্ড অতিক্রম করে প্রতিদিন রেকর্ডসংখ্যক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য দেশটিতে গত ২ নভেম্বর থেকে লাইট লকডাউন বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জার্মানিতে ৬ লাখ ৭২ হাজার ৫০৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১২ হাজার আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৫০৫ জন।

হাবিব আল বাহার/শুদ্ধস্বর ডটকম ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.