উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়নি: মাহবুব তালুকদার

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের  নিরপেক্ষতা, অংশীদারিত্ব  ও গ্রহণযোগ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘উপনির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি।’ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের সময় কমিশনার এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘নিকুঞ্জ , খিলক্ষেত ও উত্তরার ১৪ কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেছি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে, এই নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে নিচে নেমে গেছে।’ তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট কোনো কেন্দ্রে দেখিনি। কেবল কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেতের ভোটকেন্দ্রে একটি বুথে মহিলা পোলিং এজেন্টের উপস্থিতি দেখেছি।’

এই কমিশনার আরও বলেন, ‘পুরো নির্বাচনি এলাকায় একটি দলের পোস্টার, প্ল‌্যাকার্ড ও বিলবোর্ড দেখা দেখেছি।  যা আচরণবিধি অনুযায়ী নির্বাচনের আগেই তুলে ফেলা উচিত ছিল। নির্বাচনকে আমি কেবল প্রার্থীর বা দলের জয় পরাজয় বলে মনে করি না। নির্বাচন হচ্ছে গণতন্ত্র উত্তরণের একমাত্র অবলম্বন।’

ইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশে অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাশ্য বাড়ে । নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। নৈরাজ্যপ্রবণতা কোনো গণতান্ত্রিক দেশের জন্য কাম্য হতে পারে না। আমি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করি।’ না হলে দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.