প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আমার ছোট বোন রেহানা। আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ, সেটা রিনিউ করে দেয়নি। আমাদের বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। আমরা বিচার চাইতে পারিনি।’
বুধবার (৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘যদি দ্রুত সময়ে, অল্প খরচে বিচারকার্য শেষ করতে পারেন তাহলে বিচার বিভাগের ওপরই মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। যদিও আমাদের আস্থা-বিশ্বাস আছে। এরপরেও বলবো এ বিষয়ে সবাইকে একটু বিশেষ নজর দিতে। কেননা অল্প সময়ে ও অল্প খরচে ভোগান্তিমুক্ত বিচার প্রাপ্তি মানুষের অধিকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কীভাবে দ্রুত সময়ের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করা যায়, সে ব্যাপরে একটু আন্তরিক হবেন এবং ব্যবস্থা নিবেন। বাংলাদেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, দেশের মানুষ যেন ভালো থাকে, স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে ও উন্নত জীবন পায়। এ জন্য যদি কোনও রকম সহযোগিতার প্রয়োজন হয়, সেটা আমরা সরকারের পক্ষ থেকে করবো। তাও যেন মামলা এভাবে জমে না থাকে। সরকার হিসেবে আমাদের যা দায়িত্ব, সে দায়িত্বও আমরা সব সময় পালন করতে প্রস্তুত।’

