আদাবর থেকে অস্ত্র ও ইয়াবাসহ মনিরুজ্জামান ওরফে মনির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর অফিসার মামুন। তিনি বলেন, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির বিস্তারিত জানানো হবে।
র্যাব সূত্রে জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে সপরিবারে দেশের বাইরে পালিয়ে যান মনির। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে গত কোরবানির ঈদের সময় দেশে ফেরেন তিনি। এরপর ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং ও চন্দ্রিমা উদ্যানে দখল বাণিজ্য শুরু করেন। গত তিন মাসে জাল কাগজপত্র বানিয়ে শুধু ঢাকা উদ্যানের চারটি প্লট দখল করেছেন মনির।
মনিরের বিরুদ্ধে দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে। শুধুমাত্র মোহাম্মদপুর থানা ও আদালতে চাঁদাবাজি, জবরদখল, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, চুরিসহ বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে অর্ধশতাধিক মামলা ও জিডি রয়েছে বলেও র্যাব সূত্রে জানা গেছে।

