সিনহা হত্যা: কনস্টেবল রুবেল শর্মা আবারও রিমান্ডে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ রুবেল এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটির তদন্তভার দেয়া হয় র‌্যাবকে। মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.