রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

রাজশাহীর বাঘায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। ওই ছাত্রলীগ নেতার নাম রিবন আহম্মেদ বাপ্পি (২৮)। তিনি বাঘা উপজেলার আড়ানী পৌরসভা ছাত্রলীগের সভাপতি। বাপ্পি আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লার মৃত বাবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রিবন আহম্মেদ বাপ্পি ওই ছাত্রীকে (১৮) বিয়ের প্রলোভন দিয়ে গত জুলাই মাসের শেষ সপ্তাহে চকরপাড়া গ্রামে এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে ওই ছাত্রী বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বাপ্পি বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। এরপর তিনমাস অতিবাহিত হয়েছে।

ছাত্রলীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পি বলেন, আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। এ কারণে একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত না।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, রিবন আহম্মেদ বাপ্পি নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারও করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.