ময়নাতদন্তের জন্য সিলেটে কবর থেকে তোলা হয়েছে পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের মরদেহ। তদন্ত কর্মকর্তার আবেদনের পর জেলা ম্যজিস্ট্রেট তা মঞ্জুর করেন।
একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে পিবিআই পুলিশের একটি দল আখালিয়াস্থ এলাকার নবাবি মসজিদের পঞ্চায়েতের গোরস্তান থেকে রায়হানকে তোলার কাজ শুরু হয়।
প্রায় ২ ঘণ্টা পর বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মখলেছুর রহমান কামরান।

