উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে প্রয়োজনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এক্ষেত্রে ব্যক্তি কে কিংবা তিনি কোন দলের সাংসদ সেটি বিবেচ্য নয় বলেও জানিয়েছেন সিইসি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনার সময় একজন সংসদ (নিক্সন চৌধুরী) যে আচরণ করেছেন, তা কাম্য নয়। তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যে বিধিবিধান আছে, তার ব্যাপারে সেই বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। সংসদ সদস্য হিসেবে এ ব্যাপারে আলাদাভাবে কোনও কিছু হবে না।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে সামারি ট্রায়ালের সুযোগ ছিল, এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে সেই সুযোগ নেই। তবে আইনে যেটি আছে তা হবে। আমরা দেখি, যদি মামলা করার প্রয়োজন হয় মামলাই করবো। দেখি আমরা, এখনও সিদ্ধান্ত নিইনি।’
নুরুল হুদা বলেন, ‘আগে নির্বাচনে দু-একটি জায়গায় সংসদ সদস্যরা যাওয়ার চেষ্টা করেছিলেন, আমরা ব্যবস্থা নেয়া তারা আর যাননি। ফরিদপুরে তিনি (নিক্সন চৌধুরী) গিয়েছেন। আইনে যা আছে আমরা সেই অনুযায়ী তার ক্ষেত্রে ব্যবস্থা নেবো। এখানে ব্যক্তি কে, তা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আইন ভঙ্গ করেছেন, তাই যেভাবে যা করণীয় তা করবো।’
নিক্সন চৌধুরীর অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে এর আগে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়।

