বিএনপিকে ‘হামলা-মামলায়’ দমানো যাবে না: জাহাঙ্গীর

বিএনপিকে হামলা-মামলা করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন করতে এসেছি, নির্বাচন করবো। আমাদের বিরুদ্ধে হামলা-মামলা করে দমিয়ে রাখতে পারবে না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জামানের বাড়িতে হামলার ঘটনায় রবিবার (২৫ অক্টোবর) সকালে মোস্তফা জামানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেয়াকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে শনিবার রাতে মোস্তফা জামানের কামারপাড়া রানারভোলার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

জাহাঙ্গীর বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, রাত ১ টার দিকে একদল যুবক মটরসাইকেল থেকে নেমে ওই বাড়ি লক্ষ্য করে ডিম, ইটপাটকেল, মূল ফটকে কাঠ ছুড়ে মারছে। মোস্তফা জামান ওই বাড়িতে বসবাস না করলেও তার মা থাকেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা-১৮ আসনের বিএনপির এ প্রার্থী বলেন,‘ওই খুনি হাসিনার দল রাতের আধাঁরে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। এর জবাব আমরা ১২ নভেম্বর ভোটের মাধ্যমে দেব। আর যদি আমাদের কোনও নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়, প্রয়োজনে আমরা পাল্টা হামলা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। অশান্তি ডেকে আনবেন না, কারও জন্যই মঙ্গল হবে না।’

জাহাঙ্গীর বলেন, ‘প্রশাসনকে বলত চাই, আমরা শান্তিপূর্ণ জনতা, শান্তিতে থাকতে চাই। আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপারগুলো দেখবেন। আমি রাতে ফোন করেছি, ভিডিও ফুটেজ আছে, দেখে যদি ব্যবস্থা না নেন, আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হামলা-মামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবেন না। আমরা নির্বাচন করতে এসেছি, নির্বাচন করবো।’

পরে বেলা ১১টায় তৃতীয় দিনের মতো ধানের শীষের পক্ষে উত্তরখান আটিপাড়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন জাহাঙ্গীর। সেখানে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগ যতই ভয়ভীতি দেখাক, আপনারা ১২ নভেম্বর কেন্দ্রে গিয়ে নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের ব্যক্তিকে দেবন। মনে রাখবেন আমার আপনার লড়াই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই, সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে লড়াই। অপশাসনের বিরুদ্ধে লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। তা না হলে দেশের মা-বোনসহ আমরা কেউ নিরাপদে ঘরে থাকতে পারব না।’

এরপর হেলাল মার্কেট, চামুরখান, মৈনারটেক, মাস্টার বাড়ি, আটিপাড়া হয়ে রাজবাড়িতে গণসংযোগ করেন এস এম জাহাঙ্গীর। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে চারদিক। ধানের শীষ, খালেদা জিয়া, তারেক রহমান ও জাহাঙ্গীরের নাম ধরে নেতাকর্মীদের সাথে ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনকেও স্লোগান তুলতে দেখা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.