বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের কাছে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ৩০ জেলে।
রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে গিয়ে দুপুরে দুটি ট্রলারের সংঘর্ষে একটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে মোট ৩৪ জন জেলে ছিল বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, ডুবে যাওয়া ট্রলারের ৩৪ জন জেলের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। সন্ধ্যা পর্যন্ত বাকি চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জেলেরা জানিয়েছে, সংঘর্ষ হওয়া ট্রলার দুটিই বাঁশখালী এলাকার জেলেদের। মহেশখালী এলাকায় সমুদ্রে পৌঁছে মাছ ধরা নিয়ে দুই ট্রলারের মাঝিদের বিবাদের জের ধরে একটি ট্রলার অপরটিকে ধাক্কা দেয়। এতে অপেক্ষাকৃত ছোটটি ৩৪ জন জেলে নিয়ে ডুবে যায়।

