আর চোখ বন্ধ করে থাকতে পারছি না, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। পরিবার থেকে নীতি-নৈতিকতা নির্বাসন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ গড়ার বদলে মুখস্থ বিদ্বান তৈরির প্রচেষ্টা- তার উপর রাজনৈতিক ছত্রছায়ায় দুর্বৃত্তায়নের কবলে পড়ে আমাদের বর্তমান প্রজন্ম আজ দিশেহারা হয়ে উন্মাদনার পথ বেছে নিচ্ছে। এতে করে আমাদের আস্থার জায়গাটা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। ইদানীং সমাজে ধর্ষণের ব্যাপকতা, নারীর প্রতি সহিংসতা দেখে গা শিউরে উঠছে। আলামত ভাল ঠেকছে না। কেননা এই ছাত্রনেতারাই একদিন যুবনেতা, তারপর মূলনেতা হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। সেক্ষেত্রে ছোটবেলার এই জানোয়ারি চরিত্র যদি না পালটায় তবে দেশের বারোটা বাজতে আর বাকি থাকবে না। আমি এর আগেও বলেছি, উন্নত দেশ হওয়া আর উন্নত নৈতিকতার মানুষ হওয়া এক নয়। অনেকক্ষেত্রে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়া, জাতীয় নেতৃবৃন্দের সাথে তৃণমূলের দূরত্ব বেড়ে যাওয়া, নীতি নৈতিকতা ও আদর্শ না দেখে এলাকায় প্রভাব বিস্তারের সামর্থ বিবেচনায় যাদের আশ্রয় প্রশ্রয় দেয়া এসবই অবক্ষয়ের মূল হোতা বলে আমার মনে হয়। এদের বেপরোয়া চলাফেরা আমাদের মত সাধারণ মানুষদের মনে রাজনীতির প্রতি বিরূপ ধারণার জন্ম দিচ্ছে। পরিবার বা সমাজ যখন এই ব্যাধিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন রাষ্ট্রকে এই ব্যাপারে আরও কঠোর হতে হবে। নাহলে এই গাফিলতির জন্য সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে। আর এই অবক্ষয় শুধু ধর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নেই- সমাজের তথা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই অবক্ষয় প্রভাব বিস্তার করছে, যা একটি বিজয়ী জাতির প্রাপ্য নয়। এত প্রতিবন্ধকতা সত্বেও তোমরা নতুন প্রজন্মের যারা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বাঁধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছ, তাদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি। তোমরাই আগামীর সাহসী বাংলাদেশ। মনে পড়ে মুক্তিযুদ্ধের দিন গুলোর কথা। শুধুমাত্র এই দেশটাকে স্বাধীন করবে বলে দুই লক্ষ মা-বোনকে ধর্ষিত হতে হলো।

পৃথিবীর ইতিহাসে আর কোন জাতির স্বাধীনতার জন্য এত সংখ্যক নারীকে সম্ভ্রমহানি হতে হয়েছে কিনা তা আমার জানান নেই। সেই ধর্ষকদের শিরোমণি পাকহানাদার বাহিনী, এদেশীয় রাজাকার, আলবদর এদের কথা আমরা বেমালুম ভুলে গেছি। এখনকার প্রজন্মকে তো সঠিক ইতিহাস জানতেই দেয়া হয় নি। এজন্য তারা ধর্ষণের সেই মহোৎসবকারীদের এখন ঘৃণা করতেও কুণ্ঠাবোধ করে। সত্যি বলতে আমরা সেই ধর্ষিতা মা-বোনদের দেশের প্রতি ত্যাগের মহিমা ভুলে গেছি। সঠিক সময়ে রাষ্ট্র যেমন তাঁদের সঠিক মূল্যায়ন করেনি, তেমননি সমাজ-পরিবারও পাশে এসে দাঁড়ায় নি। সেই সকল ধর্ষিতা মা-বোনদের আর্ত-চিৎকার আজও বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমরা যারা মুক্তিযুদ্ধকে খুব কাছে থেকে দেখেছি এসব ভাবলে তাঁদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই সাথে রক্তাক্ত হয় আমার স্বদেশ। আমার কেন যেন মনে হয়, আমরা আজও সেই ধর্ষিতা মা-বোনদের অভিশাপ বহন করে চলেছি এবং জাতিকে যুগ যুগ ধরে তার খেসারত দিতে হচ্ছে। মুক্তিযুদ্ধকালে যারা আমাদের দেশের মা-বোনদের ধর্ষণ করেছে তাদের মত আজকের ধর্ষকরাও সমানভাবে অভিশপ্ত ও ঘৃণিত। আজকের ধর্ষকদের উন্মাদনা অনেক ক্ষেত্রে সেই একাত্তরের ধর্ষকদের উন্মাদনাকে মনে করিয়ে দেয়। এরা যেন তাদেরই উত্তরাধিকার। আসুন আমরা সময় থাকতে নতুন প্রজন্মকে বাঁচাতে এখনই সোচ্চার হই এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান করার জন্য জনমত গড়ে তুলি। সেই সাথে বজ্রকন্ঠে আওয়াজ তুলি “ধর্ষক তুই রাজাকার- তুই আমার বাংলা ছাড়”।

জাহীদ হোসেন, সমাজ সেবক ও সাবেক রাজনীতিক

