থালা বাজিয়ে আর প্রদীপ জ্বালিয়ে ‘করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা’র সরকারি উদ্যোগের সমালোচনায় আগেও সরব হয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ বার অভিযোগ করলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তানও ছাপিয়ে গিয়েছে ভারতকে।
রাহুলের শুক্রবারের এই মন্তব্যের হাতিয়ার, বিশ্ব অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিক রিপোর্ট। তাতে পূর্বাভাস দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ধস নামতে চলেছে ভারতীয় অর্থনীতিতে। মাথা পিছু জাতীয় উৎপাদনে বাংলাদেশও ভারতকে ছাপিয়ে যাবে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। টুইটারে রাহুল আইএমএফ রিপোর্টের চার্টটিকে ট্যাগ করেছেন। লিখেছেন, ‘বিজেপি সরকারের আরেকটি সাফল্য। এমনকি, পাকিস্তান আর আফগানিস্তানও ভারতের চেয়ে ভাল ভাবে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে।’
মঙ্গলবার আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ (ডব্লিউইও) রিপোর্টে জানানো হয়, করোনা পরিস্থিতির অভিঘাতে ভারতে জিডিপি-র হার কমতে পারে ১০.৩ শতাংশ পর্যন্ত। জুন মাসে আইএমএফ জানিয়েছিল, ভারতের জিডিপি ৪.৫ শতাংশ কমতে পারে। তার মাস চারেকের মাথায় আন্তর্জাতিক সংস্থাটির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলতি অর্থবর্ষে (যা ২০২১ সালের মার্চে শেষ হচ্ছে) ভারতের মাথা পিছু জাতীয় উৎপাদন দাঁড়াবে ১ হাজার ৮৭৭ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩৭ হাজার টাকার কিছু বেশি। সেখানে বাংলাদেশের মাথা পিছু জাতীয় উৎপাদন হবে ১ হাজার ৮৮৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা।সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

