সাধারণত হাসপাতালে কোনও রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসক রোগীর অবস্থা দেখে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেন। কিন্তু হাসপাতালে রোগী ভর্তির পর, অপারেশনের আগে এবং রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে কী কী ওষুধ দিতে হবে- এমন বেশ কয়েকটি অগ্রিম ব্যবস্থাপত্র দেয়ালে সাটানো অবস্থায় পাওয়া গেছে। এমনকি শিশুদের জন্যও একই ধরণের অগ্রিম ব্যবস্থাপত্রের দেখা মিলেছে রাজধানীর মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালে। ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক হাজী মোহাম্মদ আবুল হোসেন। ৫০ বছর বয়সী এই মানুষটি প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে পাস করেছেন মাত্র উচ্চ মাধ্যমিক। হাসপাতালটির এই পরিচালক রোগীদের ভাঙা হাত-পায়ের এক্স-রে দেখে নিজেই নেন অপারেশনের সিদ্ধান্ত।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালটিতে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
অভিযানকালে হাসপাতালটির পুরুষ ওয়ার্ডের বিপরীতের একটি কক্ষের দেয়ালে চারটি অগ্রিম ব্যবস্থাপত্র সাটানো অবস্থায় দেখতে পাওয়া যায়।
পলাশ কুমার বসু বলেন, ‘ক্রিসেন্ট হাসপাতালের অনুমোদনের মেয়াদোত্তীর্ণ হয়েছে আরও ৪ মাস আগে। এসব অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও হাসপাতালটিকে সতর্ক করা হয়েছে।’
এরমধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য একটি ব্যবস্থাপত্র রয়েছে। শিশু রোগীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাপত্র। এছাড়া হাসপাতালে আসা রোগীদের মধ্যে যাদের অপারেশন করা হবে তাদের জন্য সাটানো রয়েছে আলাদা ব্যবস্থাপত্র। আবার রোগীদের ছাড়পত্র দেয়ার সময় কী কী ওষুধ দিতে হবে সে অগ্রিম ব্যবস্থাপত্রও সাটানো রয়েছে হাসপাতালটি। আর প্রতিটি ব্যবস্থাপত্রেই উল্লেখ রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক ওষুধের নাম। এভাবেই হাসপাতালটিতে আগত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন হাসপাতালটির মালিক হাজী আবুল হোসেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করা আবুল হোসেন হাসপাতালটি পরিচালনা করতেন। এমনকি রোগোদের এক্স-রে দেখে অপারেশনের সিদ্ধান্ত তিনিই দিতেন।
অপরাধ বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় হাসপাতাল মালিককে এক বছরের কারাদণ্ড দেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।
পলাশ কুমার বসু বলেন, ‘আমরা চাই, মানুষ যেন কষ্টার্জিত অর্থের বিনিময়ে এমন এইচএসসি পাস চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার নামে প্রতারিত না হন। এমন অপচিকিৎসা মানুষের অর্থ ও জীবনের জন্য খুবই বিপজ্জনক। হাসপাতালটি সিলগালা করা হয়েছে জনস্বার্থে। সিলগালা করে টোটাল রিপোর্টটা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা আছেন তার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেরণ করা হবে। যাতে করে তাদের লাইসেন্সও বাতিল করা হয়।’

