স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা : হাইকোর্টের রায়

বাংলাদেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে (অকৃষি-কৃষি) ভাগ পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ।

বিধবারা স্বামীর সব সম্পত্তির ভাগ পাওয়ার অধিকার রাখে না দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন এক নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল। বিচারিক আদালত ওই মামলার রায়ে বলেন, বিধবারা স্বামীর অ-কৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না।

এরপর সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পরে উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট তার রায়ে বললেন, হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমির মালিক হবেন।

৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না হিন্দু বিধবাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট। বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.