সাকিব করোনা নেগেটিভ

বৃহস্পতিবার করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার রিপোর্ট হাতে পেয়েছেন এই অলরাউন্ডার। তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার আগেই করোনা টেস্ট করান তিনি। তার সেই রিপোর্টও নেগেটিভ এসেছিল। দেশে ফিরে আরেকবার করোনা পরীক্ষা করান তিনি।

জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে নীরব থাকায় এক বছর পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন তিনি। তার আগে ফিটনেস ফিরে পেতে এক মাস বিকেএসপিতে একান্ত অনুশীলন করবেন এই অলরাউন্ডার।

আগামী মাসে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুরু হবে, তখন সাকিব নিষেধাজ্ঞায় থাকায় অংশ নিতে পারবেন না। ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে, তার আগের দিনই নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিবের। হয়তো দ্বিতীয় টেস্ট থেকেই তার সার্ভিস পাবে বাংলাদেশ দল। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৮ নভেম্বর শুরু হবে।

আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখেই বিকেএসপিতে টানা এক মাস অনুশীলন করার কথা সাকিবের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.