বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০ লাখ করে দিতে রিট

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার রাইজিংবিডিকে বলেন, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটটি আজ শুনানির জন্য উপস্থাপন করা হবে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটের পক্ষে আদালতে শুনানি করবেন। নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন।

এখন পর্যন্ত মারা গেছেন- ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১) ও মনির ফরাজি (৩০)। গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.