অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি ন্যায়বিচার পাননি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণার পরপর তিনি এ কথা বলেন।
রায় ঘোষণার পর সরাসরি তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহেদ বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’
গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা সাহেদকে নিয়ে ১৮ জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম অস্ত্র মামলা করেন।

