শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনলাইনে নেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের যে সকল শিক্ষার্থীর লিখিত, ব্যবহারিক ও অন্যান্য পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতিতে মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব হয় নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইন প্লাটফর্মে নেওয়া হবে। এই পরীক্ষা শেষে এ সব শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে মৌলিক প্রায়োগিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার জন্য প্রত্যেক বিভাগ, ইন্সটিটিউট, অনুষদ ও সেন্টারের প্রতি আহ্বান জানান উপাচার্য।
উপাচার্য গবেষণা প্রকল্পের জন্য সরকারী বিশেষ বরাদ্দ পাওয়ায় কথা সভায় অবহিত করেন এবং এই বরাদ্দ প্রদানের জন্য সরকারর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের যে সকল শিক্ষার্থীর লিখিত, ব্যবহারিক ও অন্যান্য পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে, কিন্তু কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব হয় নি, তাদের ফলাফল চূড়ান্ত করার স্বার্থে মৌখিক পরীক্ষা নীতিমালার আলোকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

একইসঙ্গে কোনো শিক্ষার্থী এই পরীক্ষা কার্যক্রমের সুবিধাপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেজন্য ব্যবস্থা রাখতে হবে। ক্যাম্পাস স্বশরীরে শিক্ষার্থীদের অসমাপ্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের বিষয়ে বিভাগ/ইন্সটিটিউট/অনুষদ ভিত্তিক সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট ডিন/পরিচালক সমন্বয় করবেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্পে মেডিকেল কলেজ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষাসমূহ গ্রহণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্য একটি কৌশলপত্র প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ডিনবৃন্দকে অনুরোধ করা হয়। চিকিৎসাসেবা বিবেচনায় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.