লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ। এ ঘটনায় ওই এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ঘটনা তদন্তের জন্য বেশ কয়েকজন বন্দর কর্মকর্তাকে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। দেশটিতে এরই মধ্যে দুই সপ্তাহের জরুরি অবস্থা শুরু হয়েছে।
বুধবার মন্ত্রিসভার জরুরি এক বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন জানিয়েছেন, গত রাতের ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়, যা পুরো শহরকে বিপর্যস্ত করে দিয়েছে। গুদামে অনিরাপদভাবে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামুনিয়াম নাইট্রেটের কারণেই এই বিস্ফোরণ হয়েছে।
বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানান, এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দেয়া হলেও তা সরানো হয়নি। অ্যামুনিয়াম নাইট্রেট কৃষিতে সার এবং বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়।

