লকডাউন করা হলো নড়াইলে মাশরাফির বাসা

এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা, মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই নড়াইলের মহিষখোলার মাশরাফির সেই বাসাটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন একথা নিশ্চিত করেন।

তিনি জানান, ‘এমপি মহোদয়ের বাবা গোলাম মর্তুজা, মা হামিদা মর্তুজা ও তার মামী এবং ছোট ভাইয়ের স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয় ৭ আগস্ট। পরদিন অর্থাৎ ৮ আগস্ট এই ৪ জনের রিপোর্টই পজিটিভ এসেছে। যেহেতু তারা সবাই নড়াইলে মাশরাফির বাসায় আছেন। তাই বাড়তি সতর্কতা হিসেবে মহিষখোলার সেই বাসাটি লকডাউন করেছি।’

তিনি আরও বলেন, ‘তারা সবাই করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে তেমন কোনো সমস্যা নেই। সবাই বেশ সুস্থই আছেন। হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এখন নিয়ম মাফিক চিকিৎসা চলছে তাদের। আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি।’

এর আগে ঢাকার মিরপুরের বাসায় মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনা পজিটিভ হয়েছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.