আইন, বিচার ও সংসদবিষয় মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে আমরা ফাঁসি দিতে পেরেছি। বর্তমানে পাঁচজন পলাতক রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থান জানা গেছে। বাকি তিনজনের অবস্থান নির্ণয়ের চেষ্টা চলছে। আমরা নিশ্চয়ই তাদের ফিরিয়ে আনব।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এ কথা বলেন আইনমন্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনমন্ত্রী আরো বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান, যারা বঙ্গবন্ধুর কর্মী, যারা বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশ সৃষ্টির সুফল লাভ করছি, তারা কেউই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করা পর্যন্ত ঘরে ফিরব না।’
আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাত দিন পর চিফ অব আর্মি, তিন মাস পর ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং ছয় মাস পর প্রেসিডেন্ট ও চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হন। তার এই অগ্রগতি দেখলেই বোঝা যায় তিনি ছিলেন বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের আর্কিটেক্ট।’
আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আইনমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। কারণ, ষড়যন্ত্র করার মানুষ এখনো আছে। আওয়ামী লীগ ও বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এই ভার্চুয়াল শোকসভায় বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাজ্য থেকে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে সভায় বক্তব্য দেন।

