নাসিমের আসনে মনোনয়ন নিলেন ছেলে তানভীর

আওয়ামী লীগের প্রয়াত নেতা সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মোহাম্মদ নাসিমের আসনে মনোনয়ন ফরম নিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।

বুধবার (১৯ আগস্ট) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

তানভীর শাকিল জয় এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে মামলার কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি মোহাম্মদ নাসিম।

তানভীর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, ‘আমার দাদা ও আমার বাবা এলাকার মানুষের ভালোবাসা নিয়ে তাদের জন্য কাজ করেছেন। তারা যে পথ অনুসরণ করে গেছেন, সেই অনুযায়ী আমি এলাকাবাসীর জন্য কাজ করে যাবো।’

গত ১৩ জুন মারা যান মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সিরাজগঞ্জ-১ আসনসহ ঢাকা-৫, ঢাকা-১৮, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনেও গত সোমবার (১৭ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বুধবার দুপুর পর্যন্ত পাঁচটি আসনে ৫১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.