কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অভিযোগে কারাগারে থাকা মা পারভিন আক্তার ও তার দুই মেয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পর চেয়ারম্যান মিরানুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন পারিভিন আক্তার।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা তিন জন জামিন মুক্ত হন। তবে পারভীনের ছেলে মোহাম্মদ আরমান ও পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ছুট্ট এখনো কারাগারে রয়েছেন।
কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আদালতের জামিন আদেশ পাওয়ার পর মা-মেয়েসহ তিন জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও দুজন কারান্তরীণ রয়েছেন।’
এদিকে, সোমবার সন্ধ্যায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পর হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামসহ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান পারভীন আক্তার।
নির্যাতনের শিকার এ নারী বলেন, ‘‘শুক্রবার (২২ আগস্ট) সাতকানিয়ার কেরানী হাট থেকে একটি অটোরিকশায় করে দুই মেয়ে ও ছেলেসহ তারা চকরিয়ার মালুমঘাট এলাকায় তার অপর এক মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে চকরিয়ার হারবাং ইউনিয়নের পঁহরচাঁদা এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক অটোরিকশার গতিরোধ করে।
‘অজ্ঞাত যুবকরা আমাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে অটো রিকশার চালক গ্রামীণ এক সড়ক দিয়ে যেতে শুরু করলে ওই যুবকরা গরু চোর বলে চিৎকার শুরু করে। এতে স্থানীয় লোকজন অটো রিকশাটি আটকে আমাদের মারধর শুরু করে। বিষয়টি তারা ফোনে স্থানীয় চেয়ারম্যান মিরানুল ইসলামকেও জানান।
‘পরে আমাদের (মা-মেয়ে) রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে এক কিলোমিটারের বেশি পথ হাঁটিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চেয়ারম্যান মিরানুল ইসলাম কাঠের লাঠি দিয়ে আমাদের সবাইকে দ্বিতীয় দফা মারধর করে।”
তিনি আরও বলেন, ‘মারধরের পর অসুস্থ হয়ে পড়লে চেয়ারম্যান মিরানুল ইসলাম আমাদের পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ওই রাতেই গরু চুরির অভিযোগ এনে পাঁচজনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন মাহবুবুল হক। পরদিন শনিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।’
গতকাল রোববার এ বিষয়ে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ‘মা-মেয়েদের রশি দিয়ে বেঁধে হারবাং ইউনিয়ন পরিষদে মারধর করার বিষয়টি সত্য নয়। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।’
এদিকে, সোমবার সন্ধ্যায় জেল থেকে বের হওয়ার পর পারভিন আক্তার তার বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন। এ বিষয়ে জানতে চেয়ারম্যান মিরানুল ইসলামের ফোনে স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকবার ফোন দেওয়া হয়। তবে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নারীদের রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

