আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ শে আগস্টের হামলার সাথে তারেক রহমান ও খালেদা জিয়া যে জড়িত তা তাদের বক্তব্যেই প্রমাণিত হয়েছে।
গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথ বলেন।
তিনি বলেন, ‘প্রত্যেকটা ঘটনা ঘটার আগে খালেদা জিয়া যে ভবিষ্যদ্বাণী ও বক্তব্য রেখেছিলেন, সেগুলোই তার প্রমাণ। কোটালীপাড়ায় বোমা হামলার আগে তিনি বলেছিলেন, ১০০ বছর ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। আবার ২১ আগস্ট বোমা হামলার আগে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা কোনো দিন বিরোধী দলের নেতা হতে পারবেন না। এ বক্তব্যগুলো প্রমাণ করে যে এই গ্রেনেড হামলার সঙ্গে তারা জড়িত। তাছাড়া আলামত নষ্ট করা একটি প্রধান প্রমাণ।’ শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নানা অত্যাচার নির্যাতন শুরু হয়। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে বোমা হামলা, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালি করতে যাই, সেই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। এই হামলা চালিয়ে আমাকে হত্যা করাই ছিল তাদের প্রধান টার্গেট।’ শেষে গ্রেনেড হামলার ভয়াবহতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ওই দিন যেন আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা করেছেন। নেতাকর্মীরা সেদিন আমাকে বাঁচাতে মানবঢাল তৈরি করেছিল।’ তিনি বলেন, ‘জানি না কেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। হয়তো দেশের মানুষের সেবা করার জন্যই বাঁচিয়ে রেখেছেন।’

