করোনায় আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, মানুষকে সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন সুমন আলী। এরপর নাটোরেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস। সুমন আলীর অকাল মৃত্যুতে তার নিজ কর্মস্থল বড়াইগ্রাম ও পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

