স্বাস্থ্যখাতে নিম্নমানের মাস্ক ও পিপিই সরবরাহ করেছিলেন সাহেদ

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা জানিয়েছেন।

পুলিশের কাছে রিমান্ডে থাকা সাহেদের মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে।

তিনি জানান, সাহেদ ফেসবুকে ভুয়া কোম্পানির নামে পেজ খুলেও প্রতারণা করেছেন। সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের পেজ খুলে এই করোনাকালীন সময়ে পিপিই, মাস্ক ও ডেথ বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন।

ডিবির এই কর্মকর্তা জানান, স্বাস্থ্যখাতে সাহেদ প্রায় ৫০ হাজার পিপিই, ১ লাখ মাস্ক ও ২০ হাজার বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। প্রকৃত পক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো গার্মেন্টসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সাব কনট্রাক্টে ছোট গার্মেন্টস ও ফ্যাক্টরি থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করিয়েছিল। ধারণা করা হচ্ছে তার সাপ্লাই দেওয়া নিম্নমানের এইসব সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রথম দিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিতরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এই বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সাহেদের প্রতারণার সংশ্লিষ্ট যেসব অনিয়ম পাওয়া গেছে তা আইনানুযায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ১০ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.