শোনা কথা তবে সত্যি কিনা জানি না। আমাদের দেশের মেয়েদের নাকি স্বামী হিসেবে সবচাইতে অপছন্দের পেশা আইনজীবী । কারণটি বলতে গেলে অনেকেই বলেন , আইনজীবীরা ( উকিল ) কথার মারপ্যাঁচে ফেলে অনেক কিছুই আদায় করে নেন । তাছাড়া ফাঁক- ফোকররের পথও তাদের বেশি জানা এবং শিয়াল চতুর ( ভালো অর্থেই বলছি ) হয় বলেই নাকি মেয়েরা আইনজীবী পেশাকে অপছন্দ করেন । যাকগে সে কথা, এগুলো কথার কথা বা অতি কথা । আমাদের ভাগ্য ভালো যে আইনজীবী পেশাটা আছে, তা নাহলে আমরা সবাই বিপদেই থাকতাম, কেননা আমরা আইনের কি বা বুঝি ? আর আদালতে আমরা উকিল ছাড়া কতটুকুই বা সমাধান করতে পারতাম।
আইন এবং আইনজীবীর কথা বলার কারণ হলো, আমরা সবাই আইনের শাসন চাই । আইনের সঠিক প্রয়োগ চাই । আইন সবার জন্য সমান হোক, তা চাই । আইনের গতি পথ আইনের দ্বারাই চলুক, সেটাও চাই । মোদ্দা কথা, আইন দ্বারা সবকিছু পরিচালিত হোক, সেটাই চাই । তাহলেই আমরা বিশ্বের বুকে একটি নিয়মতান্ত্রিক ভদ্র দেশ হিসেবে পরিচিত হতে পারবো ।
দেশের আইন অনুযায়ী প্রতিটি নাগরিকের আইনের দ্বারা নায্য বিচার পাবার কথা । হোক সে যত বড়ই ক্রিমিনাল বা খুনী। একজন খুনীর জন্য আদালতে একজন উকিল পাওয়া আইনের নায্য বা মৌলিক অধিকার। যদি কোনো উকিল সাহেবদের একজন বিখ্যাত ক্রিমিনালের জন্য তাঁর পক্ষে আইনি লড়াইয়ের জন্য পাওয়া না যায়, তাহলে সেই ক্রিমিনালের পক্ষে রাষ্ট্রকে রাষ্ট্রীয় উকিল প্রদান করেই বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে , এটাই আইন এবং সঠিক আইনের শাসন ।
গতকালের জাতীয় পত্রিকায় দেখলাম,
” সাহেদের পক্ষের আইনজীবীরা আদালতে কাছে দাবী করেন, সাহেদ ষড়যন্ত্রের শিকার এবং ভূয়া রির্পোট তৈরির অভিযোগ একেবারেই ভিত্তিহীন ” !
এগুলো সাহেদের আইনজীবীদের কথা । ওই যে বলছিলাম, উকিল পেশা । কত কথাই না নিজের মক্কেলের পক্ষে বলেন ! অবাক হবার কিছুই নাই । তবে মজার বিষয়, সাহেদের আইনজীবীরা ! মানে সহজ বাংলায় সাহেদের পক্ষে অনেকজন আইনজীবী ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছেন ! সরকারের ভাগ্য ভালোই বলতে হয় । কেননা সরকারকে আর সরকারী আইনজীবী দিতে হবে না ।
সমস্যা হয় দেশের জনমানুষের ক্ষোভ, ঘৃণা আর আক্ষেপ নিয়ে। আমাদের দেশে বিচারের নামে প্রহসন এতটাই বেশি চর্চা হয় যে , জনমানুষেরা মনে মনে বা প্রকাশ্যেই ক্রিমিনালদের জন্য আইনি কোনো সহানুভূতি দেখতে চান না । আমাদের দেশে ক্রস ফায়ার বা এনকাউন্টার নামক যা চর্চা হয়, সেই বিচারকে বুঝে হোক বা না বুঝে হোক জনগণ একপ্রকার সমর্থন করে বসেন । কারণটি কিন্তু সেই বিচার ব্যবস্থার উপর অনাস্থা।
ফলে যে সকল আইনজীবীরা তাৎক্ষণীক এই সব সাহেদদের জন্য আদালতে দাঁড়িয়ে যান, তাদের প্রতিও নানান কটু কথা বলে চলেন । প্রশ্ন উঠে টাকা নিয়ে। যেমন টাকা দিলে উকিলের অভাব হয় না, টাকার কাঙাল, ইত্যাদি ইত্যাদি । প্রকাশ্যেই সেই সব উকিলদের চোদ্দগোষ্ঠী নিয়ে জনগণ বলতে থাকেন, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে এবং বিষয়টি অনুধাবনীয় বটে ।
আজকের পত্রিকার পাতায় দেখলাম, নিউইয়র্ক টাইমস পত্রিকায় বড় করে হেড লাইন এবং ছবি সহকারে বাংলাদেশের নাম এসেছে, করোনা টেস্ট কেলেঙ্কারি নিয়ে, এমনকি কানাডার পত্রিকাতেও একি ভাবেই প্রকাশ হয়েছে । ইতিমধ্যেই ইউরোপ জুড়েও বাংলাদেশের নাম করে কেলেঙ্কারির কথা এসেছে । কথা হচ্ছে চারিদিকে। প্রবাসী বাংলাদেশীরাতো রীতিমতো হয়রান আর অপমান হচ্ছে । স্বাভাবিক কারণেই প্রবাসী বাংলাদেশীদের মাঝেও একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে । কেননা সাহেদদের কল্যাণেই আজকে বিশ্ব জুড়ে এই অবস্থা । যদিও সাহেদরা মূলত জলের চুনোপুঁটি মাত্র।
কথা প্রসঙ্গে বলছি, বর্তমানের আইনমন্ত্রী আনিসুল হক সহাবের বাবা প্রয়াত সিরাজুল হক তিনি ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিক। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন । এমন একজন আইনজীবী ও রাজনীতিক, তিনিও বিশ্ব বেহায়া খ্যাত এরশাদের মামলা লড়ার জন্য নিজেকে হাজির করেছিলেন । সেই সময়ে ছাত্র/ যুবক এমনকি সমগ্র বাংলাদেশের সকলের কাছেই এরশাদ নামটি ছিলো সব চাইতে ঘৃণিত নাম। কেননা এই স্বৈরাচারের হাতে কত তরতাজা তরুণদের রক্তের দাগ ছিলো। ছাত্রদের উপর ট্রাকের মতন মোটরযান চালিয়ে দিতেও এরশাদের কোনো কার্পণ্য ছিলো না । সেই এরশাদেরও উকিল পেতে কোনো বেগ পেতে হয় নাই । এমনকি বিখ্যাত উকিলকেই পেয়েছিলেন।
ঘটনার প্রেক্ষিতে আমাদের ঢাকা দক্ষিনের মেয়র সাহেবের কথাও বলতেই হয় । বর্তমান এই মেয়র জনাব তাপস সাহেব আপন জুয়েলার্সের সেই কুখ্যাত সু-পুত্রের (!) ধর্ষণের মামলার আইনজীবী হয়ে আদালতে লড়েছিলেন ! আমাদের এখন গর্ব হয় উনি আমাদের ঢাকার এক অংশের পিতা ।
এমন অনেক অনেক উদাহরণ আছে। তারপরেও আমরা সাধারণ জনমানুষেরা যতই ক্ষোভ দেখাই বা কটু কথা বলি না কেন, আমরা তারপরেও চাই আইনের শাসনই যেন সঠিকভাবে চলে । আইনের শাসন যত শক্তিশালী হবে ততই আমাদের মঙ্গল।

বুলবুল তালুকদার
যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম

