মেলবোর্নে ফের লকডাউন জারি হওয়ার জের, চলতি সপ্তাহেই বাতিল হতে পারে টি-২০ বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ফের ৬ সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন বিধি নিষেধ। যার অর্থ হল, অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন আর কোনওভাবেই সম্ভব নয়। কারণ, এই মেলবোর্নেই বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে লকডাউন জারি এবং সংক্রমণ বৃদ্ধির জেরে সেখানে অদূর ভবিষ্যতে কোনওরকম খেলাধুলোর আয়োজন নেহাতই বোকামি হবে। সেটা বুঝতে পেরেই সম্ভবত বিশ্বকাপ বাতিলের প্রস্তাবে সরকারি শিলমোহর দিতে চলছে আইসিসি। সূত্রের খবর চলতি সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) বাতিলের কথা সরকারিভাবে ঘোষণা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। তাঁরা আগেই জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের ঝক্কি অস্ট্রেলিয়া সরকার পোয়াতে চায় না। কিন্তু তা সত্বেও সরকারিভাবে এখনও বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করেনি আইসিসি। তাঁদের ইচ্ছা ছিল, করোনা পরিস্থিতির উন্নতি হলে একবার শেষ চেষ্টা করে দেখার। যদিও, এর নেপথ্যে রাজনীতি আছে বলে মনে করছেন বিসিসিআই (BCCI) কর্তারা। তাঁদের ধারণা, ভারতীয় বোর্ড বিশ্বকাপের জায়গায় আইপিএল আয়োজনের যে পরিকল্পনা করছে, তা বানচাল করতে ইচ্ছাকৃতভাবেই বিশ্বকাপের খাঁড়াটা ঝুলিয়ে রেখেছে আইসিসি। সরকারিভাবে বিশ্বকাপ বাতিলের কথা এখনও ঘোষণা করা হয়নি যাতে, ভারতীয় বোর্ড আইপিএলের প্রস্তুতি শুরু করতে না পারে।সুত্র, সংবাদ প্রতিদিন ।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.