ভারতের উত্তরপ্রদেশে বাইক থেকে নামিয়ে প্রচণ্ড মারধর করার পর সন্তানদের সামনেই মাথায় গুলি করা হয়েছে এক সাংবাদিককে।
গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
আহত ওই সাংবাদিকের নাম বিক্রম জোশী। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, তার ভাইঝিকে কয়েকজন উত্ত্যক্ত করছিল বলে সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক।
পুলিশ সূত্রের খবর, গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় রাত সাড়ে ১০টা নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তার দুই কন্যাকে নিয়ে একটি বাইকে চেপে যাচ্ছিলেন বিক্রম। কয়েকজন মিলে বাইকটিকে থামিয়ে বিক্রমকে টেনে হিঁচড়ে নামায়।
তারপর তাকে প্রচণ্ড মারধর করতে করতে দূরে দাঁড় করানো একটি গাড়ির কাছে টেনে নিয়ে যাওয়া হয়। মারধরের মধ্যেই একজন বিক্রমের মাথা লক্ষ্য করে গুলি চালান।
পরে বিক্রমকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে এও দেখা গেছে, ঘটনার সময় ভয়ে বিক্রমের দুই কন্যা ছুটোছুটি করছিলেন।
বিক্রমের বড় মেয়ে ছুটে আসে তার বাবার কাছে। কাঁদতে থাকেন। তাদের সাহায্য করার জন্য আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রের খবর, এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা সবাই বিক্রমের আত্মীয়স্বজন।

