ভারতে করোনা আক্রান্ত প্রায় ১৪ লক্ষ,মৃত্যু ৩২ হাজার অতিক্রম করল

২০ জুলাই সংখ্যাটা ছিল ১১ লাখ, ২৩ জুলাই ১২ লাখ। আর ২৬ জুলাই সংখ্যাটা প্রায় ১৪ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এ ভাবেই ভারতে  করোনা আক্রান্তের গ্রাফটা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। দৈনিক আক্রান্তের ছবিটাও কিন্তু একেবারেই স্বস্তিদায়ক নয়। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখেও একের পর এক রেকর্ড হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের  পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২।

তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমে হয়েছে ১১ শতাংশ। শনিবার এই হার ছিল ১১.৬২ শতাংশ। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার।

মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। সামনেই রয়েছে ইটালি। সেখানে মৃতের সংখ্যা ৩৫ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের  পরিসংখ্যান অনুসারে, রবিবার দেশে মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৩। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.