বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের মাস্টার বাশার রিমান্ডে

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবিতে ৩৪ জন মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার এমভি ময়ূর-২ এর মাস্টার আবুল বাশার মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন।

অপরদিকে আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মো. শাহ জালাল চুন্নু।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১৩ জুলাই ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-১০ এর সদস্যরা।

মামলাটিতে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালাম তিন দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে ভেড়ানোর আগ চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। মর্নিং বার্ডের অর্ধশতাধিক যাত্রীর মধ্যে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

গত ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন, এমভি ময়ূর- ২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.