অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেলেই করোনা ভাইরাসের শেষের শুরু হয়ে যাবে। ভগবান রামই করোনাকে ধ্বংস করে দেবেন। বুধবার এমনই দাবি করলেন মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার তথা বিজেপি নেতা রামেশ্বর শর্মা।
আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে আসার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ। বিজেপি নেতার দাবি, ওইদিন মন্দির নির্মাণ শুরু হয়ে গেলেই করোনার বিনাশ শুরু হয়ে যাবে।
বুধবার গোয়ালিয়রে সাংবাদিকদের ওই বিজেপি নেতা বলেন, “খালি ভারত নয়। করোনার প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। আর এই সময় সবাই মহাপুরুষদের স্মরণ করে। এমনকী সুপ্রিম কোর্টও মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে। ভগবান রাম আগেও রাক্ষসদের হত্যা করে মানবজাতিকে রক্ষা করেছেন। যখনই মন্দির নির্মাণ শুরু হবে, তখন থেকেই করোনা ধ্বংস হওয়া শুরু হবে।” রামেশ্বর শর্মা সাফ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ভগবান রামই এই মারণ ভাইরাসকে ধ্বংস করবেন। সুত্র, সংবাদ প্রতিদিন ।

