সময়ের বৈরী আচরণে
চেনা মুখগুলো সব
কুয়াশায় ঢেকে যায়,
রজ্জুর মতন বেঁধে রাখা হাতে
গড়ে ওঠে বিষ কাঁটাদের আড়ং।
নিজের চলার রাস্তায় প্রখর
রোদেও সাথেই থাকে না
বিশ্বাসী ছায়ারা, পানসে আশ্বাসে
দিশেহারা হয় চিন্তার নাবিক।
একসাথে চলার পথের পথিক
উল্টোদিকে খোঁজে রঙিন গন্তব্য
পায়ের উপরে ভরসা
হারায় জীবন।
মিছিলে মিছিলে ফিরে আসে
হারিয়ে যাওয়া প্রাক্তন কষ্টেরা
চোখের ভেতর জমা হয়
কাজল রেখার খোঁজ করা
ডানপিটে বর্ণিল স্বপন।
ধোঁয়াটে প্রদীপ শিখায়
ভেসে ওঠে মমতা জড়ানো
তুমুল আস্থার ভেঁজা দুটি চোখ
বিশ্বাসী চাহনি
নির্ভেজাল আশ্বাসেই
মন খুঁজে পায় জননীর
নিখাঁদ আশ্রম।

অনিন্দ্য আসাদ

