স্বাস্থ্যসেবা এবং খাদ্য নিরাপত্তার দাবীতে ঢাকায় নাগরিক ঐক্যের মানববন্ধন

আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় উন্নয়ন প্রকল্প হতে পারে না” শ্লোগান নিয়ে করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নাগরিক ঐক্য শুরু থেকেই দিন আনে দিন খায় এমন ছয় কোটি মানুষকে ঘরে খাবার পৌঁছে দিয়ে লকডাউন করার কথা বলে আসছে।

 

এটি না করলে তো মানুষ ক্ষুধায় মরবে।’ তিনি স্বাস্থ্যসেবায় মাস্ক, পিপিই কেনাসহ অতীতের নানা দুর্নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, যে সময় আমাদের ঘরে খাবার কথা সে সময়ে এই মানুষের জন্য, আপনাদের জন্য আমরা রাস্তায় নেমেছি কথা বলার জন্য। আজকে দাঁড়িয়েছি, আরও দাঁড়াবো, মানুষের পাশে নাগরিক ঐক্য থাকবে সবসময়। করোণা মোকাবেলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, শুরু থেকেই এই সরকার দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে করোনার এই বৈশ্বিক মহামারী থেকে দেশকে রক্ষার ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করতে পারেনি। এত বড় একটি বিপর্যয়ের মধ্যেও তারা লুটপাট আর দুর্নীতিতে ব্যস্ত। মান্না বলেন, গত বছরের ডিসেম্বরের শেষে প্রথম চীনে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর আমরা তিন মাস সুযোগ পেয়েছিলাম। তখন যদি আমরা বিমান, নৌ এবং স্থল বন্দর গুলোতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিতাম তাহলে আজকের এই মহামারী পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু সরকার ব্যস্ত ছিল একটি বিশেষ দিবসকে উদযাপন করবার জন্য। যখন থেকে আমাদের দেশে করোনা শনাক্ত হয়েছে, তখনো সরকার কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

 

লকডাউন এর পরিবর্তে তারা সাধারণ ছুটি ঘোষণা করে ঢাকা থেকে মানুষকে সারাদেশে ছড়িয়ে দিয়েছে। দেশের ছয় কোটি মানুষ দিন আনে দিন খায়। অথচ সাধারণ ছুটির নামে কার্যত দেশ যখন অচল তখন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য সরকার কোন ধরনের পদক্ষেপ নেয়নি। লোক দেখানোর জন্য যেটুকু ত্রান বিতরণের কথা বলা হয়েছে তাও লুটপাট আর দুর্নীতির কারণে প্রকৃত অসহায় মানুষদের কাছে পৌঁছায়নি। দেশের চিকিৎসা ব্যবস্থা যে কতটা ভঙ্গুর তা এই মহামারিতে স্পষ্ট হয়েছে। কত মানুষ যে চিকিৎসা না পেয়ে, হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যুবরণ করেছে তার কোন হিসেব নেই। তিন মাস পরেও সরকার করোনা শনাক্তকরণের জন্য পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা করতে পারেনি। অথচ তারা গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট অনুমোদন না দেবার সব ব্যবস্থা করেছে। কথায় কথায় তারা দেশকে সিঙ্গাপুর, কানাডা, জাপানের সাথে তুলনা করলেও করোনা আমাদের প্রকৃত অবস্থান স্পষ্ট করেছে।

 

এতদিন পরে এসে তারা লাল, নীল জোন ভাগ করে একটি নতুন নাটক দেশের মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা পূর্ব রাজাবাজার লকডাউন করেছে। তাদের ভাব দেখে মনে হয় পুরো দেশে কেবলমাত্র পূর্ব রাজাবাজারই করোনা সংক্রমিত। দেশে সরকারি আইসিইউ অ্যাম্বুলেন্স নেই, হাসপাতালে আইসিইউ বেড নেই, ভেন্টিলেটর নেই, অক্সিজেন সাপোর্ট নেই। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। প্রতিদিন পত্র পত্রিকা খুললেই দেখা যায় মানুষ তিন চারদিন ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে করোনা পরীক্ষা করবার জন্য চেষ্টা করছে। মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তার কাছে জনগণের কল্যাণের জন্য কোন কিছু আশা করাও ঠিক না। তারপরও আমরা বলেছি এই মহামারীর মধ্যে আমরা কোন রাজনীতি করতে চাই না। আমরা সরকার পতনের আন্দোলন করছি না, আমরা আপনাদের ক্ষমতায় থাকাকে প্রশ্নবিদ্ধ করছি না।

 

আমরা শুধু বলতে চাই দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে এই সং সেজে সরকারে বসে থাকার কোন অধিকার নেই। আপনারা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। কার্যকর লকডাউন দেন এবং অসহায় মানুষদের খাদ্যের নিশ্চয়তা প্রদান করেন। আর যদি না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। আজকে আমরা আমাদের দাবি উত্থাপন করলাম। যদি আপনাদের বোধোদয় না হয়, আজকে এখানে ২০০ জন দাঁড়িয়েছি, কাল ২০০০ জন দাঁড়াবো। সেদিন দেশের মানুষের অধিকার আদায় না করে ফিরব না। পোশাক শিল্পের শ্রমিক ছাঁটাই এর বিষয় উল্লেখ করে মান্না বলেন, প্রতিদিন শত শত শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। কেবলমাত্র সরকারের তোষামোদকারী গার্মেন্টস মালিকরা প্রণোদনার অর্থ পেয়েছেন। আর কোন গার্মেন্টস মালিক পায়নি। শ্রমিকরা বেতন পাচ্ছে না, ঈদে বোনাস দেয়া হয়নি। সামনে আরেকটি ঈদ আসছে। প্রস্তুত হোন। এই শ্রমিকরা যেদিন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে সেদিন পালাবার পথ খুঁজে পাবেন না।  

    মানববন্ধনে নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর চৌধুরী দিপু, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আনিসুর রহমান খসরু, ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব আতিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব ফরিদুল ইসলাম, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.