মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের গুলি, দুই পুলিশসহ নিহত ৩

মেক্সিকোয় জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের বের করা মোটর শোভাযাত্রায় গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। মারা যাওয়া অন্যজন নারী। আহত হয়েছেন মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব। শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।

এক টুইটবার্তায় হামলার ঘটনাটি নিশ্চিত করে সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম লিখেছেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এই হামলার পেছনে জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজিকে দায়ী করছেন মেয়র।

সিজেএনজি হামলার পেছনে জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো। এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।

স্থানীয় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সিনেমার দৃশ্যের মতো মোটর শোভাযাত্রা রোধ করে দুটি গাড়ি, যার একটি বড় ছিল। এ সময় বড় অস্ত্র হাতে অন্তত দুই ডজনের মতো সন্ত্রাসী নিরাপত্তা সচিবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় শোভাযাত্রায় থাকা লোকজন দ্বিগ্বিদিক ছুটতে থাকেন। এতে দুই পুলিশ সদস্য ও এক নারী নিহত হন।

গুলিতে গার্সিয়ার শরীরের কাঁধসহ তিন স্থানে গুলি লাগে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.