সংখ্যাটা ‘হাতে গোনা’ হলেও লকডাউনের মধ্যেও বিয়ে সেরে ফেলছেন অনেকে। আড়ম্বর, জৌলুশহীন হলেও দুই পরিবার একত্রিত হয়ে সেরে ফেলছেন বিয়ের পর্ব। কিন্তু বিয়েতেও চাই বিশেষ সতর্কতা! তাই এ ক্ষেত্রে মাস্ক ছাড়া গতি নেই। সে জন্যই এবার বিয়ের অলংকার হিসাবেও জায়গা করে নিল মাস্ক। তবে সে মাস্ক কাপড়ের নয়, একেবারে খাঁটি রুপার তৈরি!
শুনতে অবাক লাগলেও এমনই রুপার মাস্ক তৈরি করেছেন কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তী বেলগাম জেলার অলংকার ব্যবসায়ী সন্দীপ সালগাওকর। করোনা আতঙ্কের আবহে অলংকার হিসাবে এই রুপার মাস্ক ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য মানুষের। বিয়ের পিঁড়িতে বসা বর-কনের মুখ ঢাকা থাকবে নকশা করা রুপার মাস্কে। অন্যান্য মাস্কের মতো এটিও ইলাস্টিকের সাহায্যে দু’কানের পাশ দিয়ে মাথার পেছন দিকে বাঁধা থাকবে।
ওই অলংকার ব্যবসায়ী জানান, বিয়ের অন্যান্য অলংকারের মধ্যে বর-কনের মুখ ঢাকা থাকবে সাধারণ কাপড়ের মাস্কে, তা-ও কি হয়! তাই রুপা দিয়ে এই মাস্ক বানানোর কথা মাথায় আসে তার। অলংকার হিসাবে নতুনত্বের চমকে অনেক মানুষ এটিকে পছন্দও করেছেন।
জানা গিয়েছে, এই রুপার মাস্কের ওজন বড়জোড় ২৫ থেকে ৩৫ গ্রাম। আর এর দাম আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যেই। তাই বিয়ের গয়না হিসাবে এটিকে খুব একটা দামিও বলা যাবে না। ওই অলংকার ব্যবসায়ী জানান, ইতিমধ্যেই এই মাস্ক তৈরির অনেক অর্ডার পাচ্ছেন তিনি। বিয়ের উপহার হিসাবেও রুপার মাস্ক কিনছেন অনেকেই।
শুদ্ধস্বর/আইপি

