দুর্নীতির লেশমাত্র রাখব না: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। এই দুর্নীতিকে আমি প্রশ্রয় দেব না এবং দুর্নীতির লেশমাত্র এই সংস্থায় রাখব না।

মঙ্গলবার (২ জুন) নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত করপোরেশনের ২য় পরিষদের প্রথম করপোরেশন সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকাবাসীর কাছে দেয়া ওয়াদা পূরণে করপোরেশনের কাউন্সিলররাই তার পথচলার প্রধান সঙ্গী উল্লেখ করে মেয়র তাপস বলেন, আজ থেকে আমাদের নবযাত্রা শুরু হলো। ঢাকাবাসীর কল্যাণে দেয়া ওয়াদা পূরণের লক্ষ্যে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করছি। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রমের মাধ্যমেই ঢাকাবাসী এর প্রতিফলন দেখতে পাবেন।

সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। এ কমিটিকে নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিবিষয়ক বা দায়িত্ব পালনে কোনো গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ প্রদানের অনুরোধ করেন মেয়র তাপস। কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্মকর্তাদের প্রতি তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেয়র তাপস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা উন্নত ঢাকা গড়ার ভিত্তি রচনা করে যাব। এজন্য বছরে ৩৬৫ দিন ১২ মাস ২৪ ঘণ্টা আমাদের কাজ করে যেতে হবে। ঢাকাবাসীর কাছে আমাদের যে দায়বদ্ধতা তা সবাই নিষ্ঠা নিয়ে আন্তরিকতার সঙ্গে করলে সব সংকট মোকাবিলা করেই করপোরেশনকে ঢাকাবাসীর আস্থা ও গর্বের সংগঠনে পরিণত করতে সক্ষম হবো। এখন থেকে করপোরেশনের সব কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে এবং ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে, যেসব সিদ্ধান্ত নেয়া হবে তা তাদের নিয়েই করা হবে এবং তার বাস্তবায়ন করা হবে। আজ থেকে করপোরেশনের দরজা আপনাদের জন্য খোলা। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.