তিন লাখ টাকায় চার্টার্ড বিমানে চড়ার সুযোগ

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য বিশেষ অফার দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিছু শর্ত সাপেক্ষে মাত্র ৩ লাখ থেকে ৫ লাখ টাকায় চার্টার্ড বিমানে পারিবারিক ভ্রমণের এ সুবিধা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৪ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নতুন এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে।

বিমান জানায়, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্লেন ভাড়া দিচ্ছে। এজন্য ৩ থেকে ৫ লাখ টাকা খরচ হবে (দূরত্বের ওপর নির্ভরশীল)। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা প্লেনটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে।

সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে এই বিমানে ফ্লাইট পরিচালনা করলে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবে।

চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩। টিকিট ও ফ্লাইট সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭১৫৬১৩-১৬ ।

এই অফারে কোন মডেলের প্লেন দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে তা উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ড্যাশ-৮ দিয়ে ফ্লাইট চালানো হবে।

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ ফ্লাইট ভাড়া নিয়ে এই রুটে আসা যাওয়া করতে পারবে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে সোমবার (১ জুন) ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে যাত্রী সঙ্কটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবারও সব ফ্লাইট বাতিল করে তারা। ২ জুন তিন রুটে বিমানের ৭টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনে।

সব মিলিয়ে ২ থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে বিমানের। তাই ক্ষতি পুষিয়ে নিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। তথ্য সুত্র, যুগান্তর ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.