করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক‌্যালে ভর্তি করা হবে।

রোববার (২১ জুন) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ‌্য জানান।

তিনি বলেন, করোনায় আক্রান্ত ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হয়। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।

জানা গেছে, ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক ১২ জুন থেকে করোনা রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, ভোলার জেলা জজকে দ্রুত ঢাকায় আনার বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.