করোনায় ঢাকা উত্তর আ’লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান বাচ্চু মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুল হক রানা সাংবাদিকদের জানান, বাচ্চু দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই-তিনদিন আগে তার আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাত ৩টার পর তার মৃত্যু হয়।

আওয়ামী লীগ নেতা রানা আরও জানান, আজিজুর রহমান বাচ্চুর স্ত্রীরও করোনা পজিটিভ। তিনি এখন রাজধানীর মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা মোটামুটি ভালো।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজুর রহমান বাচ্চু বৃহস্পতিবার রাত ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.