মোনায়েম খান :২০১৩ সালের ৫ই মে ইসলামের হেফাজতকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের, শাপলা চত্বরে এক বিশাল গণজমায়েত’র আয়োজন করেছিল।গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই গণজমায়েতের বৈধতা নিয়ে সংশয় ছিল,অধিকিন্তু সরকারের প্রতি নিজেদের বিনাশীশক্তি প্রদর্শনের এক আগ্রাসী মহড়া বলা যেতে পারে।
আয়োজনকারীদের ইস্পাত কঠিন দৃঢ়তা ছিল যে,ঢাকা সহ সারা দেশ অচল করে দেওয়া।তাদের ইচ্ছার প্রতি অগণিত অন্ধ ভক্তদের হৃদয় নিংড়ানো ভালবাসা আর মরণপণ সমর্থন ছিল প্রণিধান যোগ্য।আল্লাওয়ালা লোকগুলো শীর্ষনেতা আল্লামা শফি সাহেবের দিদার পেতে স্ব:প্রণোদিত শহীদের তালিকায় নিজেদের নাম সন্নিবেশ করার মত ভাগ্যবান হওয়ার গৌরব অর্জনের অলিক স্বপ্নে বিভোর।ধারণাটি এমন,শফি সাহেবের ছায়াতলে ইসলামের খেদমত করতে গিয়ে শহীদ হলে পরকালে জান্নাত অনিবার্য।কাজেই জীবদ্দশায় এমন সুযোগ হাতছাড়া করা কোন নিবেদিত প্রাণ মুমিন মুসলমানের জন্য ঠিক হবে না।এজন্য জনাব শফি সাহেব,বাবুনগরী ও মুফতি আমিনীর ডাকে হাজার হাজার কওমি ছাত্র/জনতা মাথায় কাফন বেঁধে মহান আল্লাহের জিকির পড়তে পড়তে জড়ো হয়েছিল শাপলা চত্বরে।
তারপরের ঘটনা সবার জানা,এক হৃদয়বিধারক মর্মান্তিক ইতিহাস।নিষ্পাপ,নির্দোষ কোমলমতি মাদ্রাসার ছাত্রের উত্তপ্ত রক্তে শাপলা চত্বর ভেসে গেল নিমিষে।বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ হয় যে,৫ই মের কালো রাতে কয়েক শত ছাত্র,জনতাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল।মৃতের সঠিক সংখ্যা বহুমত রয়েছে।কেউ বলেন হাজার,কেউ বলেন শতাধিক।আবার অনেকে উভয় সংখ্যাকে অতিরঞ্জিত বলে মনে করেন।এছাড়া ক্ষমতাসীনদের অভিমত ইহা সম্পূর্ণ মিথ্যা,সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য বিরোধী মতালম্বিদের সুক্ষ অপপ্রচার বৈ অন্য কিছু নয়।কিন্তু সদজ্ঞান সম্পন্ন দেশের জনগণ নিশ্চিত ৫ই মে’র কালো রাত্রে এক উল্লেখ্যযোগ্য পরিমাণ নিরস্ত্র,অসহায় মানুষকে হত্যা করা হয়েছে।
সরকারের যুক্তি,উগ্রপন্থী,মধ্যযুগীয় মোল্লাবাদ দেশে ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।দেশকে আফগানিস্থান,সিরিয়া,লিবিয়ার পথে তাড়িত করার দুরভিসন্ধি চলছে।শঙ্কিত মাত্রায় জেগে উঠা ঘৃণিত জঙ্গিবাদ স্বমূলে উচ্ছেদ করার জন্য দমননীতি গ্রহণ করা একান্ত অপরিহার্য বিধায় সরকার শাপলা চত্বরের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভূগেনি,ইহা স্বচ্ছ পানির মত পরিষ্কার।নিঃসন্দেহে,আত্নপক্ষ সমর্থনের এক চৌকষ যুক্তি বটে?
বিজয়ের আনন্দে ক্ষমতাসীনদের দুর্গে খুশির প্লাবন আসে।স্বস্থির নিঃশ্বাস ফেললেন অনেকে।স্থাবকরা গুণকীর্তন করলেন এই বলে,একটি দূরদৃষ্টি সম্পন্ন সরকার ক্ষমতায় অসীন বিধায় সকল প্রতিকুলতা উপেক্ষা করে অত্যন্ত বিচক্ষনতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।ইহা দৃশ্যমান,দেশের রাজনীতির ভাগ্যাকাশে এক লৌহ মানবীর আবির্ভাব ঘটেছে।চমৎকার!
বলতে দ্বিধা নেই,যে কোন হত্যা নিন্দনীয়।সভ্য সমাজে বিবেচ্য নয়,ক্ষমার অযোগ্য অপরাধ।প্রতিটি মানুষের পিছনে পরিবার-পরিজন সম্পৃক্ত।কাজেই একটি মানুষকে হত্যার পরিণাম হল তার পরিবারকে দুঃসহ অন্তঃদহনের দাবাগ্নির মধ্যে ফেলে দেয়া,যা বহন করতে হয় জীবনভর।
আমার প্রশ্ন হল,৫ই মে’র হত্যাযজ্ঞের জন্য কি একক ভাবে সরকারকে দায়ী করা ঠিক হবে?আইন- শৃঙ্খলা অমান্য করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছিল যে আমজনতা,তাদের কথা না হয় বাদ দিয়ে দিলাম।কারন তারা অবোধ,অন্ধবিশ্বাসী।কিন্তু শীর্ষ নেতা শফি সাহেব ও তার দুই ডেপুটি বাবুনগরী ও মুফতি আমিনী কিভাবে এই হত্যাযজ্ঞের দায়ভার এড়িয়ে যাবেন।সামান্য হলেও এর দায়ভার তাদেরকে নিতে হবে।বিশেষ করে শফি সাহেবের দায়মুক্তির কোন পথ নেই।আশ্চর্য,নব্বুই ঊর্ধ্ব এই আলেমে দ্বীন বা তার পক্ষে আজও কেউ দায়িত্ব নিতে অপারগতা প্রদর্শন করছেন।
গঠনমূলক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের পরিবর্তে উসকানিমূলক নসিহতের মাধ্যমে স্পর্শকাতর ভক্তের স্রোত রাজধানী ঢাকার দিকে ধাবিত করে নিজে স্বগৃহে সুরক্ষিত রইলেন,অজুহাত গৃহবন্ধি।দূর থেকে মৃত্যুর তাণ্ডব দেখে সরকারের প্রতি ভৎসনার দু-চার শব্দ আর বিদেহী আত্নার জন্য দোয়া মাহফিলের মধ্যে হুজুর দায়ভারের ইতি টানলেন।আন্দোলনের ডাক দিয়ে শফি সাহেব শুধু মাঠ ছেড়ে পালিয়ে যাননি অধিকিন্তু শাপলা চত্বরের শহীদদের লাশের উপর দাঁড়িয়ে সরকারের সাথে আতাত করতে কুন্ঠাবোধ করেননি।এরচেয়ে হঠকারী নেতৃত্বের উদাহরণ আর কি হতে পারে।অন্ধভক্ত জেহাদী ভাইয়েরা কি এই অতি সরল অংকটি হৃদয়ঙ্গম করতে পেরেছেন?
জানিনা,এই হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষ বিচার অদৌ হবে কিনা?যদি কখনও হয় তবে নিশ্চয় আল্লামা শফি,বাবুনগরী ও মুফতি আমিনীদের কাঠগড়ায় দাড় করানো উচিত।প্রত্যেকটি মৃত্যুর গাণিতিক হিসাব সরকার ও শফি সাহেবদের দিতে হবে।
আমার বিশ্বাস করতে কষ্ট হয়,এমন একজন স্বনামধন্য বুজুর্গ এই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক হয়ে কি করে চোখ-মুখ বন্ধ করে সরকারের স্থুতি বন্দনায় সকল আদর্শ আর মানবতার অপমৃত্যু ঘটালেন।
ধর্মান্ধ পালের গোদা লোকদের প্রতি আমার কোন ক্ষোভ বা অভিযোগ নেই।তবে আফসোস,এ লোকগুলো শুধরাবে কবে?পরগাছা হয়ে জান্নাতে প্রবেশের আশা পরিত্যাগ করে স্বীয় বুদ্ধি বিবেক কবে জাগ্রত করবে?ইহাই দেখার বিষয়।
লেখক: বৃটেন প্রবাসী উপন্যাসিক, কলামিস্ট।

