সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি চলবে ১৫ই জুন পর্যন্ত

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩১শে মে থেকে আগামী ১৫ই জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিচারকার্য পরিচালনার জন্য ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া ৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এবং কোর্ট কর্তৃক জারি করা প্র্যাকটিসের ডাইরেকশন অনুমোদন করতো: তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি বেঞ্চগুলো (১১টি) গঠন করেছেন। ছুটিকালীন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে গত ২৬শে এপ্রিল সাধারণ ছুটিতে আদালত বন্ধ রাখা হয়। এরপর ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.