নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

 মোঃ আল মুঈদ কে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের নাগরিক ছাত্র ঐক্যের    কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৩ মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নব নির্বাচিত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। বিদায়ী আহবায়ক সাকিব আনোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ১৪ মে ছাত্র ঐক্যের ইফতার মাহফিলে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। শুরু থেকেই এই কমিটি নিজেদের সাংগঠনিক বিস্তৃতি বৃদ্ধির পাশাপাশি ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া আদায় এবং ছাত্রদের উপর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে সোচ্চার ছিল। ডাকসু’র ভিপি’র উপর দফায় দফায় হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চের নির্যাতন-নিপীড়ন, গেস্টরুম-গণরুম নির্যাতন, বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে আন্দোলন সংগ্রামে রাজপথে অবস্থান করেছে। জাহাঙ্গীরনগর, গোপালগঞ্জের বশেমুপ্রবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে ছিল সোচ্চার। ১১ টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম সংগঠন হিসেবে সম্মিলিত আন্দোলনেও ভূমিকা রেখেছে নাগরিক ছাত্র ঐক্য। শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের দাবিতে নাগরিক ছাত্র ঐক্য বরাবর আন্দোলনে সোচ্চার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সক্রিয়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথের আন্দোলনে ছিল নাগরিক ছাত্র ঐক্যের সক্রিয় অংশগ্রহণ। সর্বশেষ করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ, ছিন্নমূল মানুষদের মধ্যে নিয়মিত খাবার বিতরণ, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সংবাদকর্মীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চিকিৎসক এবং সংবাদকর্মীদের জন্য পিপিই বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সাংগঠনিক বাধ্যবাধকতা এবং করোনা পরিস্থিতি শক্তিশালী সাংগঠনিক কাঠামো নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে নাগরিক ছাত্র ঐক্যের ৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতিঃ মোঃ আল মুঈদ সহ-সভাপতিঃ মোশাররফ হোসেন সাধারণ সম্পাদকঃ তরিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদকঃ আজমির হাসান সাংগঠনিক সম্পাদকঃ হোসেন আরাফাত দপ্তর সম্পাদকঃ শাওন রহমান এছাড়া আরো ৪ জন সহ-সভাপতি সহ সভাপতিমণ্ডলী, ১৬ জন সম্পাদক, ২২ জন সহ-সম্পাদক এবং ৪ জন সদস্য সহ মোট ৫১ জনকে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত করা হয়।
সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.