গল্প : ইয়াসমিন

সুদীপ তখন কলকাতার প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র|।পূর্ব বঙ্গের এক ধণাঢ্য জমিদার পরিবারের ছেলে সে।ছোটবেলা থেকেই পড়াশোনায় তার মাথা ভাল হওয়ায় তার পিতা জগদ্বীপ মুখার্জী কলকাতায় সুদীপের মামা বাড়িতে পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। সুদীপ পড়াশোনায় মেধাবী হলেও বেশ ডানপিটে ছেলে। মামা বাড়ির আবদ্ধ জীবন পছন্দ না হওয়ায় স্কুলে পড়ার সময়ই হোস্টেলে উঠেছিল।কলেজে ওঠার পর এখনকার জওহরলাল নেহেরু রোড অর্থ্যাৎ সেইসময়ের চৌরঙ্গী রোডে একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। বাবার অঢেল টাকা।বেশ জাকজমকের সাথেই বাস করতো সে।

111

১৯৬৭ সাল। এপার বাঙলা ওপার বাঙলা দুইই তখন আন্দোলন-সংগ্রামে উত্তাল। পূর্ব বাঙলার জনগন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার জন্য আন্দোলন করছে। এর মধ্যেই তিনি ৬ দফা ঘোষনার জন্য জনগনের কাছে একক কান্ডারীতে পরিণত হয়েছেন। আর পশ্চিম বঙ্গে নকশাল আন্দোলন তখন তুঙ্গে। স্বাধীনচেতা মেধাবী যুবক সুদীপও হাজারো ছাত্রছাত্রীদের সাথে যোগ দিয়েছেন চারু মজুমদারের নকশালবাড়ি আন্দোলনে।এরই মাঝে বাড়ি থেকে মা একবার চিঠি পাঠালেন বাড়িতে যাওয়ার জন্য।সুদীপ তখন পুলিশের খাতায় পরিচিত মুখ।বেশ লুকিয়েই চলতে হচ্ছিলো কিছুদিন ধরে।দলের নেতা চারু মজুমদার সিদ্ধান্ত নিয়েছে এবার পুজিপতিদের মরণ কামড় দেবার।তার আগেই একবার মায়ের সাথে দেখা করে আসা দরকার। সেই ভেবেই বেশ অপরিচিত পথে রওনা দেন পূর্ব বাঙলার উদ্দেশ্যে।সোজা পথে তো তার চলার উপায় নেই। উঠতি বয়সী ছাত্র-তরুণদের দেখলেই পুলিশ ধরছে।কলকাতা থেকে্ একটা ঘোড়ার গাড়ি করে রওনা হয় সীমান্তের দিকে। তখনো এপার বাঙলা ওপার বাঙলায় সীমান্ত পার হতে খুব একটা বেগ পেতে হতো না।ঘুর পথে বহু গ্রাম পেরিয়ে যখন সীমান্ত পেরোয় তখন সন্ধ্যা পেরিয়ে গেছে প্রায়।মাগরিবের আজান শোনা যাচ্ছে। পূর্ব বাঙলার বেশির ভাগ এলাকাই মুসলিম অধ্যূষিত।ওপারে সীমান্ত থেকে বেশ দূরে নামিয়ে দেয় ঘোড়ার গাড়ি। তারপর থেকেই বেশ কয়েক ক্রোশ হেঁটে আসতে হচ্ছে।একে তো গ্রাম তার উপর আবার রাত নেমেছে। কোন গাড়িঘোড়া নাই। বড্ড জলতেষ্টা পেয়েছে।একটা বাড়ির সামনে এসে থামে সুদীপ।একজন লোক কে দেখতে পায় টুপি দাঁড়িওয়ালা।বোধহয় নামাজ পড়তে গেছিলো। লোকটার কাছে গিয়ে জল খেতে চায় সুদীপ।লোকটা জল খাওয়ার কথা শুনেই সুদীপ কে সাথে করে বাড়ি নিয়ে আসে।আগেকার মানুষের মধ্যে সম্প্রীতি ছিল অনেক বেশি।তো সেই মুসলমান ভদ্রলোক সুদীপ কে নিয়ে এসে বৈঠকখানায় বসায়।এই প্রথম কথা বলে ওঠে ভদ্রলোক,’বুঝতে পারছি তুমি দূর থেকে আসছ। এই রাতে কোথাও কোন যানবাহন পাবে না। তুমি আজ রাতটা এই গরীবের বাসায় থেকে যাও। তুমি বসো আমি ভেতর থেকে আসছি। বলে লোকটি বাড়ির ভেতরে চলে যায়। হাফ ছেড়ে বাঁচে সুদীপ! এই রাতে অচেনা অজানা জায়গায় ভাল মুশকিলে পড়ে যেতো ও। এর মধ্যেই বাড়ির কাজের ছেলেটা হাত মুখ ধোয়ার জন্য উঠোনে জল এনে দেয়। হাত মুখ ধুয়ে আবার বৈঠকখানায় এসে বসে ও। কিছুক্ষন পর একটি মেয়ে শরবত আর ফল নিয়ে ঢোকে। বড় ওড়না দিয়ে মেয়েটির মাথা ও শরীর ঢাকা। মেয়েটির দিকে তাকাতেই হার্টবিট যেন থমকে যায় সুদীপের। স্বয়ং স্বর্গের দেবী লক্ষ্মী ওর সামনে দাঁড়িয়ে আছে যেন। কি অপরুপ মেয়েটি।ওর সামনে খাবারের ট্রে টা রেখে মেয়েটি চোখ তুলে তাকিয়ে বলে,নিন খেয়ে নিন। ওই এক পলকেই সুদীপের মনে হয় যেন ওর সমগ্র পৃথিবী ওই দৃষ্টিতে হারিয়ে গেছে। জীবনের এই প্রথমবারের মতো সুদীপ প্রেমে পড়ে কারো। এর মাঝেই ওই ভদ্রলোক মানে বাড়ির কর্তা প্রবেশ করে বৈঠক খানায়। ’আমার মেয়ে ইয়াসমিন।এবার কলেজ পাস করলো।ডাক্তারী পড়বে সামনে। মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় ভদ্রলোক। আবার জিজ্ঞাসা করে,’তো তোমার পরিচয় কি বাবা?

’আমি সুদীপ। বিক্রমপুরের জমিদার জগদ্বীপ মুখার্জির ছেলে আমি। কোলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়ি।মায়ের চিঠি পেয়ে বাড়ি ফিরছিলাম।’

’এই ঘুর পথে কেন বাবা?’ বৃদ্ধের প্রশ্ন শুনে একটু ইতঃস্তত বোধ করে সুদীপ। তবুও সোজাসুজিই বলে,’চাচা আমি নকশালবাড়ী আন্দোলনের সাথে সম্পৃক্ত। তাই ঘুরপথ ছাড়া আমার আসার সুযোগ ছিল না।’

বৃদ্ধ একটু হেসে বললেন,’বেশ তুমি আজ বিশ্রাম নাও আমি কাল তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব।

তখন মাঝরাত। হঠাৎ কোন কিছু একটার তীব্র সুবাসে ঘুম ভেঙে যায় সুদীপের।পথের ক্লান্তির জন্য খুব তারাতারিই ঘুমিয়ে পড়েছিল রাতে ও। কোন কিছুর সুবাস এত তীব্র হয় জানা ছিলো না ওর। একটু পরেই বুঝতে পারে এ সুবাস শুধু মাত্র হাস্নাহেনারই হতে পারে। চৌকি থেকে নেমে বাইরে আসে ও।বাইরে এসেই জীবনের সবথেকে শ্রেষ্ঠ মুহুর্তটা যেন দেখতে পায় সুদীপ। আকাশ ফেঁটে জোসনা পড়ছে। সেই জোসনার আলোয় ভেসে যাচ্ছে উঠোন।মৃদুমন্দ হাওয়া বইছে। সেই হাওয়ার সাথেই ছুটে আসছে হাস্নাহেনার তীব্র সুবাস। সুদীপ খেয়াল করেনি আরো একটু ফুল অদূরে দাঁড়িয়ে দেখছিল। ফুলের নাম ইয়াসমিন। ফুলটি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে।এখন আর মাথায় ঘোমটা নেই।মেঘের মতো কালো চুল আর অসম্ভব মায়াবতী চেহারাটা এই চাঁদের আলোয় অপার্থিব সুন্দর লাগছে। ফুলটিই প্রথম কথা বলে ওঠে,’আপনি বিপ্লবী?’ওর কথা ‍শুনে হেঁসে ওঠে সুদীপ।’নাহ আমি বিপ্লবী নই তবে বিপ্লবের একজন কর্মী।ধণী,জোতদার শোষক শ্রেণীর বিরুদ্ধে যে বিপ্লব চলছে সেই বিপ্লবের সামান্য একজন কর্মী আমি।’

’আচ্ছা মেয়েরা বিপ্লবী হতে পারে না? প্রশ্ন করে মেয়েটি।

’কেন পারবে না? পারে তো। যখন আমাদের দেশ ব্রিটিশদের অধীনে পরাধীন ছিল তখন অনেক নারী বিপ্লবী ছিল যাদের কীর্তি আজও বহমান। ব্রিটিশদের বিরুদ্ধে নারীদের লড়াইয়ের কথা উঠলে প্রথমেই সামনে চলে আসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম। চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী ছিলেন তিনি। মাস্টারদার নেতৃত্বে প্রীতিলতা ইউরোপীয় ক্লাবে আক্রমণ করেন। যেখানে স্পষ্টভাবে লেখা থাকতো ‘কুকুর এবং ভারতীয়দের প্রবেশের অধিকার নেই’। এখানেই শেষ নয়, ধরা পড়ে প্রীতিলতা ব্রিটিশের হাতে নির্যাতিত হওয়ার থেকে সায়ানাইড খেয়ে নিজের প্রাণ ত্যাগ করা শ্রেয় মনে করেছিলেন।

কনকলতা বরুয়ার কথা অনেকে জানলেও তার নাম খুব একটা আলোচিত হয় না। ভারত ছাড়ো আন্দোলনের সময় এই নারী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তিনিই ভারতের প্রথম নারী শহীদ। বিভিন্ন ব্রিটিশ অফিসে ভারতের জাতীয় পতাকা তোলার উদ্দেশ্যে কনকলতা একটি ছোট দল নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু সেটাই ছিল তার শেষযাত্রা। ব্রিটিশ পুলিশের গুলির নিশানা হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি।

তবে বুলেটের ভয় দমিয়ে রাখতে পারেনি সেই সময়ের সাহসী নারীদের। বীণা দাস তাদের মধ্যে অন্যতম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাঙলার তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। স্ট্যানলি বেঁচে গেলেও ধরা পড়েন বীণা। তার ৯ বছর কারাদণ্ড হয়।

সরোজিনী নাইডু নামটি শুনলে দক্ষিণ ভারতীয় বলে মনে হতে পারে। বিয়ের আগে তিনি ছিলেন সরোজিনী চট্টোপাধ্যায়। বঙ্গভঙ্গ আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তিনি। তার নেতৃত্বেই গড়ে ওঠে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’। তিনিই প্রথম কংগ্রেসের বার্ষিক সভার সভাপতিত্ব করেন। ভারত স্বাধীনতা লাভের পর তিনি আগ্রার গভর্নর নিযুক্ত হন।

অরুণা আসফ আলি গান্ধীজীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি ছিলেন কংগ্রেসের প্রথম সারির নেত্রী এবং ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম মুখ। ১৯৩২ সালে তিহার জেলে বন্দি থাকাকালে তিনি জেলের ভেতরেই বন্দিদের সঠিক চিকিৎসার দাবি করে অনশন শুরু করেন। ব্রিটিশ সরকার বাধ্য হয় তার দাবি মেনে নিতে।

মাতঙ্গিনী হাজরাকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের জীবনদানের প্রতীক মনে করা হয়। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় এই গ্রামীণ নারী মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তিনি অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন। ব্রিটিশ বিরোধী একটি মিছিল চলার সময় তিনি পশ্চিমবঙ্গের কাঁথি থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে শহীদ হন।

এরা ছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনে আরও হাজার হাজার নারীর অবদান ছিল। কিন্তু বেশিরভাগই পর্দার আড়ালে রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসুর সহকারী। যিনি অগ্নিকন্যা নামে খ্যাত ছিলেন। লক্ষ্মী স্বামীনাথন সহগল আজাদ হিন্দ ফৌজ এর নারী বিগ্রেডের অধিনেত্রী ছিলেন। স্বাধীন ভারত সরকারের নেতাজির আজাদ হিন্দ সরকারের প্রথম মহিলা মন্ত্রীও তিনি।

একসাথে কথাগুলো শেষ করে দীর্ঘ একটা দম নেয় সুদীপ। ইয়াসমিনের দিকে তাকাতেই দেখতে পায় জ্বলজ্বল করছে চোখ। আর সেখানে দেখা যাচ্ছে তীব্র দেশপ্রেম।

’আমি বিপ্লবে দীক্ষা নিতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। কিন্তু কিভাবে? প্রশ্ন করে ইয়াসমিন।’

’বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন চলছে। সেই আন্দোলনে সরাসরি অংশ নিতে না পারলেও সাধ্যমতো সহযোগিত করো।নআশেপাশের মানুষজনকে সচেতন করো। এটাই হবে তোমার বিপ্লব।’

’ঠিক আছে আমি মনেপ্রাণে বিপ্লবের শপথ নিলাম।কিন্তু আমাকে পথ দেখাবে কে? আপনার সাথে আমার আর দেখা হবে কি করে?

’ইয়াসমিন,আমরা জানি না আমাদের সামনের দিনগুলোতে কি আছে। শুধু জানি লড়তে হবে। প্রত্যেকটা দিন মৃত্যুর সাথে আপোষ করেই ঘুম থেকে জেগে উঠি। জীবনের প্রথম আজ সন্ধ্যায় প্রেমে পড়েছি আমি। প্রেম আর বিপ্লব দুটো প্রায়ই একইরকম। আমাদের কোন দিন দেখা হবে কি না জানি না। সময় আমাদের কোথায় নিয়ে যাবে সেটাও জানি না। শুধু এটুকু জানি যশোরের এই প্রত্যন্ত এলাকা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ফুল ইয়াসমিনের সুবাস টা এই হৃদয়ের সবথেকে গভীরে মেখে নিয়ে গেলাম।’

আরো একটু কাছে এগিয়ে আসে ইয়াসমিন। সুদীপের হাতে হাত রাখে। লজ্জাবনত মুখটা একটু তুলে বলে,’আমি তোমার অপেক্ষা করব বিপ্লবী। তোমার আমার মাঝে বিপ্লবই হোক বন্ধন। ধর্ম,সাম্প্রদায়িকতা সব কিছুর উর্ধে বিপ্লব হোক আমাদের একমাত্র প্রেম। আমি মৃত্যুঅবধি তোমার অপেক্ষায় থাকব।

তারপর সময় পেরিয়ে গেছে অনেক। কোলকাতায় ফিরে আবার আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল সুদীপ। কিন্তু নকশালবাড়ি আন্দোলন আর খুব বেশি সুবিধা করতে পারেনি। এর মধ্যেই চলে আসে ১৯৭১ সাল। ঐতিহাসিক মার্চ মাসে স্বাধীনতার ডাক দেন পূর্ব বাংলার কিংবদন্তী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ মাতৃকার টানে যুদ্ধে যোগ দেয় সুদীপ। ১৯৭১ সাল। পাকিস্তান সরকার মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী বলে প্রচার করে যাচ্ছে রাত-দিন। বহির্বিশ্ব কোনোভাবেই যেন বাংলার স্বাধীনতা সংগ্রাম টের না পায়। ঢাকা ছিল বাড়তি নিরাপত্তার চাদরে বেষ্টিত। মুক্তিযুদ্ধে ২নং সেক্টর এবং কে ফোর্সের প্রধান মেজর খালেদ মোশাররফ বিষয়টি গুরুত্বের সাথে নিলেন। অন্তত পাক সরকারের এই মিথ্যাচার সমগ্র বিশ্বের জানা দরকার। দেশে বা বিদেশের বাঙালিরা এবং বাঙালির মিত্ররা যেন যুদ্ধটাকে সমগ্র বাঙালির লড়াই বলেই গণ্য করে। আর তাই প্রচণ্ড আত্মবিশ্বাসী ও মেধাবী তরুণদের নিয়ে তৈরি করলেন এক দুর্ধর্ষ গেরিলা দল। এটিএম হায়দারের নেতৃত্বেই ভারতের মেঘালয়ে ‘মেলাঘর’ ক্যাম্পে প্রশিক্ষণ নেয় দলটি। গ্রেনেড ছোড়া থেকে শুরু করে ঝটিকা আক্রমণ, অতর্কিত ত্রাস সৃষ্টি করা এবং ‘হিট এন্ড রান’। আরবান গেরিলা যুদ্ধের সব কৌশলই ভালোভাবে রপ্ত করানো হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অপারেশনের খবর খালেদ মোশাররফের কাছে পৌঁছালে গর্ব করে তিনি বলেছিলেন, “These are Crack People.”। সেই থেকেই প্লাটুনের নাম করা হয় ‘ক্র্যাক প্লাটুন’।

সেই গেরিলা দলের অন্যতম সদস্য ছিলেন সুদীপ। ঢাকায় একের পর এক অপারেশনে অংশ নিচ্ছিলো ও। নভেম্বর এর শেষের দিকে সুদীপকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে যশোরে পাঠানো হয়। যশোর শহর হানাদার মুক্ত হওয়া তখন সময়ের ব্যাপার মাত্র। আট নম্বর সেক্টরের অধিনায়ক মেজর মঞ্জুর ঢাকা থেকে একজন সাহসী গেরিলা যোদ্ধাকে চেয়ে চিঠি লিখেছিল। আর তার জন্যই সুদীপের যশোর যাত্রা।

যশোরের চৌগাছা সীমান্ত-উপজেলার সিংহঝুলি ইউনিয়ন। ওপারে ভারতের পশ্চিমবঙ্গের বয়রা, লক্ষ্মীপুর। এপারে কাবিলপুর, জামতলা, ছুটিপুর, ধুলিয়ানি ও গরিবপুর। একাত্তরের ২১ নভেম্বর। ঈদের দিন। যশোর ক্যান্টনমেন্ট থেকে গরিবপুর, জামতলা, জগন্নাথপুর এসে অবস্থান নিল শত শত পাকিস্তানি সৈন্য। পদাতিক বাহিনীর সঙ্গে বিধ্বংসী ট্যাংক। উদ্দেশ্য ছিল মুক্তিবাহিনীর শক্তিশালী ঘাঁটি চৌগাছা দখল নিয়ে আতঙ্ক তৈরি করা। মেজর এম এ মনজুরের বাছাইকৃত একটা গেরিলা টিম প্রস্তুত হয়ে আছে। পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংকবহর যখন জগন্নাথপুরের মুক্তিনগর পেরোচ্ছিলো তখন মুক্তিনগরের আমের বাগান থেকে সুদীপের নেতৃত্বে হামলা চালায় গেরিলা বাহিনী। ওদিক থেকে মিত্র বাহিনীও শামিল হয় আক্রমনে। গেরিলা বাহিনী ও মিত্রবাহিনীর যৌথ হামলায় পরাজয় স্বীকার করে পালিয়ে যায় পাকিস্তানী বাহিনী। গেরিলা দলের নেতা সুদীপ মারাত্মক ভাবে আহত হয়। পাজরে বেশ কয়েকটা গুলি লাগে তার। সহযোদ্ধারা তাকে নিয়ে যায় চৌগাছা সীমান্ত লাগোয়া কপোতাক্ষ নদের তীরে অস্থায়ী হাসপাতালে। অধিক রক্তক্ষরণে সুদীপ তখন অজ্ঞানপ্রায়। সুদীপ জানতো না এই হাসপাতালের ইনচার্জ ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষে অধ্যয়নরত একটি মেয়ে। বছরের শেষদিকে ছুটিতে বাড়িতে এসে দেশজুড়ে আন্দোলনের কারণে আটকে যায়। মুক্তিযুদ্ধ শুরু হতেই নিজ উদ্যোগে বেশ কিছু তরুণ-তরুণীর সহযোগীতায় এই অস্থায়ী হাসপাতাল নির্মান করেন। এখন ভারত বাংলাদেশের নামী দামী কিছু চিকিৎসকও এখানে আসেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে। মেয়েটির নাম ইয়াসমিন। সুদীপকে স্ট্রেচারে দেখেই চিনতে পারে ইয়াসমিন। সেই যে তাদের বাড়িতে এসেছিল তারপর আর দেখা হয়নি। কিন্তু চিঠি আদান প্রদান হয়েছে বেশ কয়েকবার। কিন্তু গত ১ বছরে কোন চিঠি পায়নি ও সুদীপের। ৬৭’সালে যখন ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি হয় ইয়াসমিন সুদীপ তখন পশ্চিম বাংলায় নকশালবাড়ী আন্দোলনে ব্যস্ত।বিভিন্ন গ্রামে বা জঙ্গলে লুকিয়ে দিন কাটতো তার। চিঠিতে লেখা থাকতো সেইসব কথা। লেখা থাকতো সুদীপের কথা। প্রেমের কথা। আজ অনেক বছর পর ক্লান্ত বিপ্লবী ওর কাছে ফিরে এসেছে। আজ ক্যাম্প হাসপাতালে কোন ডাক্তার নেই। কাল আসবার কথা আছে। অথচ সুদীপ কে এখনি অপারেশন করা দরকার। নাড়ীর গতি দ্রুত কমে আসছে। কি করবে বুঝতে পারছে না ইয়াসমিন। অবশেষে সিদ্ধান্ত নেয় ও নিজেই অপারেশন করবে। সহকারী দুজনকে গরম পানি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে বলে। জীবনের প্রথম ছুড়ি কাচি হাতে নেয়। একে একে ৬ টি বুলেট বের করে সুদীপের শরীর থেকে। তারপর ব্যান্ডেজ করে আলাদা একটা কেবিনে নেয় ওকে। তালপাতার কেবিন। সুদীপ তখনো অজ্ঞান। আরো অনেক আহতদের চিকিৎসা দিতে দিতে প্রায় মাঝরাত হয়ে যায়। একটু ফ্রি হয়েই সুদীপের কেবিনে যায় ইয়াসমিন। একজন সহকারীকে রেখে গিয়েছিল সুদীপের কাছে তাকে ফিরে যেতে বলে। ওর কপালে হাত দিয়ে দেখে বেশ জ্বর উঠেছে।অগ্রহায়ণ মাস। কপোতাক্ষের তীর জুড়ে ফসলের সুবাস। কেবিনে একটা হ্যাজাক বাতি জ্বলছে। এমন সময় চোখ খোলে সুদীপ। চোখ খুলেই মুখের উপর ইয়াসমিনের উদ্বিগ্ন চোখ জোড়া দেখতে পায়। উত্তেজনায় উঠে বসতে ধরে ও। কিন্তু পারে না। ইয়াসমিন আরো একটু কাছে এসে ওর মাথায় হাত বোলাতে থাকে। সুদীপ জিজ্ঞাসা করে,’কেমন আছ ইয়াসমিন? বিপ্লবের চূড়ান্ত সময় আর বিপ্লবীর অন্তিম সময়েই তোমার সাথে দেখা হলো। নিয়তি তার কথা রেখেছে ইয়াসমিন। তোমার আমার আবার দেখা হয়েছে এবার বিদায় দাও। যাওয়ার সময় হয়ে এসেছে।,

’নাহ! তোমার কিছুই হয়নি। কিছুই হবে না। তুমি সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে সুস্থ করে তুলব। কাপা গলায় বলে ইয়াসমিন।’

’সেই ১৮ বছর বয়স থেকে লড়ে যাচ্ছি আমি। একজন সৈনিক তার অন্তিম যাত্রার সময়টা ঠিক বুঝতে পারে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আমার শেষ সময়ে তোমার দেখা পেলাম।’

ইয়াসমিন কাঁদতে থাকে। মেডিকেলে ছাত্রী হিসেবে সেও জানে সুদীপের হাতে আর বেশি সময় নেই। তবুও নিয়তির সাথে লড়াই করতে চায় ও। ভালবাসার মানুষটাকে এতদিন পর ফিরে পেয়ে হারিয়ে ফেলবে?

’ইয়াসমিন!সুদীপ ডাক দেয় ওকে। তোমার বিপ্লবীর একটা শেষ ইচ্ছে পূরণ করবে? একটা চুমু খাবে আমাকে?

আবার কান্নায় ভেঙে পড়ে ইয়াসমিন। কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা’র কথা মনে পড়ে যায় ওর। মৃত্যুক্ষুধার নায়িক রুবি’র কথা মনে পড়লো।আজ ওর বিপ্লবীও পিপাসিত। আকন্ঠ ভালবাসা পান করতে চায় সে। কি করে ফেরাবে ইয়াসমিন তার এই আবদার! সুদীপের মাথাটা কোলে তুলে নেয় ও। তারপর ওর দু’ঠোঁটে ডুবিয়ে দেয় নিজের ঠোঁট জোড়া। কল্পান্ত সময় নিয়ে চুমু খায় ওরা।একজনের ঠোঁট যেন গলে যাচ্ছিলো আরেকজনের মাঝে। সেই রাতেই ভোরের দিকে মারা যায় সুদীপ। ইয়াসমিনের চোখে কোন পানি আসেনি কেন জানি। এমনকি যখন ওর চোখের সামনে কপোতাক্ষের তীরে সুদীপকে চিতায় জ্বালানো হয় তখনও কাঁদেনি ও। তবে সেই দিনের পর থেকে আর হাসপাতালে আসেনি সে।এক সহকর্মীর হাতে দায়িত্ব বুঝে দিয়ে চলে যায়। ৬ ডিসেম্বর ১৯৭১ সাল। যশোর হানাদার মুক্ত হওয়ার দিনে অসীম সাহসে পাকবাহনীর সাথে সম্মুখযুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয় একটি মেয়ে।মেয়েটির পরণে ছিল সাদা শাড়ি আর হাতে সুদীপের এ কে ৪৭ রাইফেলটি। মেয়েটির নাম ইয়াসমিন।

333

জাকওয়ান হুসাইন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.