‘হুমায়ূন আহমেদ নাস্তিক’, যা বললেন আসিফ নজরুল

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বেসামাল পুরো বিশ্ব। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও বাড়ছে করোনার প্রকোপ। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২১৮ জন এবং মারা গেছে ২০ জন। করোনা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমায়ূন আহমেদকে নিয়ে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘প্রশ্ন করার আপনি কে?
আগের একটা পোষ্টে হুমায়ূন আহমেদের নাটক দেখতে বলেছি বলে কেউ কেউ রাগ করেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, নাটক দেখা যে পাপ এটা তো আমার মনে হয় না। হতে পারে এটা ভুল । কিন্তু কোনটা পাপ কোনটা না- এনিয়ে কিন্তু আপনারও বিভ্রান্তি আছে। যেমন: ফেসবুক দেখা যে পাপ এটাও কেউ কেউ ভাবেন। কিন্তু আপনারা তো ফেসবুকে লিখেই আমাকে নাটক না দেখতে বলেছেন। তারমানে তাদের মতে আপনিও পাপ করছেন। কিন্তু আপনার বুঝে এটা আসে না। ঠিক তেমনি আমারে বুঝেও কিছু জিনিষ আসে না। যদি কখনো আসে নাটক দেখবো না।

আমার উপলদ্ধি হচ্ছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান করতে হবে, পিতামাতা, পরিবার, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করতে হবে। এগুলো কতোটুক করি সেটা কারো কাছে আমি বলবো না। কারণ এগুলো করা হয় আল্লাহ্-র সন্তুষ্টির জন্য, নিজের বিবেকবোধের জন্য। কারো কাছে থেকে প্রশংসা পাওয়ার জন্য না, কারো কাছে জানান দেয়ার জন্য না। আমার উপলদ্ধি হচ্ছে কোনভাবে হারাম উপার্জ্ন করা যাবে না, হারাম আয়ের মানুষের কোন এবাদত কবুল হয়না। আমার উপলদ্ধি হচ্ছে মিথ্যে কথা বলা যাবে না, গিবত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বিপদে মানুষের পাশে দাড়াতে হবে।

আমার উপলদ্ধি হচ্ছে বারবার নিজেকে প্রশ্ন করতে হবে আমি কতোটুকু ভালো মানুষ? নিজেকে ধিক্কার দিতে হবে, অনুশোচনা করতে হবে, ক্রমাগত আরো ভালোমানুষ হতে হবে। অন্যকে প্রশ্ন করার আমি কে? কে নামাজ পড়লো না, কে মুরতাদ, কে দোজখে যাবে, কে নাস্তিক – এটা বলার আমি কে? আপনিই বা কে? যার জবাব সে দিবে। ভালো পথে, বা ঈমানের পথে আহবান আপনি করতে পারেন, কিন্তু অন্যর গিবত করে, অন্যকে দোষারোপ করে, ধিক্কার দিয়ে নয়।

আগের পোষ্টে দু’একজন বলেছেন হুমায়ূন আহমেদ নাস্তিক ছিলেন। আমার প্রশ্ন এটা আপনি জানলেন কিভাবে? না জেনে যদি একজন মরহুম মানুষ সম্বন্ধে গিবত গান, তার শাস্তি কি আপনি জানেন? যারা এতোবড় অন্যায় কথা বলেছেন তারা আমাকে আর ফলো করবেন না আমি আশা করি। তিনি আমার দেখা বহু ইসলামী লেবাসধারী মানুষের চেয়ে অনেক ভালোমানুষ ছিলেন। এদেশে যারা ‘সমাজের বিবেক বা বাতিঘর’ হিসেবে পরিচিত তাদের অধিকাংশের চেয়ে উনি অনেক বেশী বিশুদ্ধ মানুষ ছিলেন। আরেকটা কথা কাউকে নাস্তিক বা বিধমী ভেবে আপনি ভাবতে পারেন যে তার নাটক আপনি দেখবেন না। তাহলে আমার অনুরোধ আজ থেকে আপনি ফেসবুক দেখাও বন্ধ করেন, বন্ধ করেন কম্পুটার ব্যবহার এবং বিজ্ঞানের আরো বহু আবিস্কার। পারবেন? না পারলে এসব বলবেন না। মানুষকে উপদেশ বা ধিক্কার দেয়ার আগে নিজে কি করেন সে প্রশ্ন করেন। শুধু নামাজ রোজা, কোরআন তেলওয়াত করা ইসলাম না। আপনার যদি আয় হয় একটুও মানুষ ঠকিয়ে, একটুও অন্যপথে – আপনার কিছু তো কবুলই হবেনা। কয়জন ভাবি আমরা এভাবে? ভাবলে এতো নামাজী এদেশে এতো চোর বদমাশ কেন? আমাকে ভালোবাসলে দোয়া করবেন। সত্যি যেন একজন খাটি মানুষ হতে পারি। জীবনে যেন এমন কিছু না করি যে আল্লাহ্-র রহমত চলে যায় আমার উপর থেকে। সবাই ভালো থাকবেন। আমার কোন ভুল হলে মাফ করবেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.